আজকাল ওয়েবডেস্ক: তাঁরা কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, কারওর গানই প্যাশন। কেউ আবার ফিন্যান্স বিভাগের পড়ুয়া। বয়স এখনও একুশ পার হয়নি। ফ্যাশন, 'র‌্যাম্প ওয়াক', সোনালি-রুপোলি মায়াবি আলোয় ফ্যাশনেবল পোশাক পরে হাঁটা-এই সব কিছুর সঙ্গে দূর-দূরান্তে পরিচয় নেই। কিন্তু তাতে কী! মঞ্চে তাঁদের আত্মবিশ্বাস, দক্ষতা, ব্যক্তিত্বের ঝলক যেন পেশাদার শোস্টপারকে জোরদার প্রতিযোগিতা দিতে পারে! সোমবার সন্ধ্যায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এমনই ফ্যাশন শোয়ের দেখা মিলল । 

আকর্ষণীয় ক্যাম্পাস, দূরদর্শী নেতৃত্ব এবং দক্ষ ফ্যাকাল্টি সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা, পুঁথিগত বিদ্যার বাইরে সার্বিকভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগড় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের তরফেই প্রথমবার ছাত্রছাত্রীদের জন্য এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসএনইউ আইকন ২০২৫। উপস্থাপনায় সিস্টার নিবেদিতা ইউনিভাসির্টির সেন্টার ফর কর্পোরেট অ্যান্ড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট বিভাগ। অনুষ্ঠানটির পার্টনার ছিল স্টাইল বাজার, এসপেরা, রোহিতস ডেন, হেড টার্নারস।