মা-ঠাকুমারা হেঁশেলের পরিচিত জিনিস দিয়েই বানাতেন ভিন্ন ভিন্ন স্বাদের নানারকম পদ৷ হেঁশেলের সেই সব খাবার আজ অবলুপ্তির পথে৷ হারিয়ে যাওয়া তেমনই একটি রান্না রইল আপনাদের জন্য৷
রামপুরী ডাল বানাতে কী কী লাগবে দেখে নিন।
*৬ জনের জন্য রামপুরী ডাল বানাতে লাগবে
*অড়হর ডাল- ৫০০ গ্রাম
*জল - ১ লিটার
* সাদা তেল - ৩০ এমএল
*মাখন - ১ টেবিল চামচ
*গোটা জিরে আর চাটমশলা- ১ চা-চামচ
*অল্প হিং
*একটা মাঝারি পেঁয়াজ কুচানো
*৪ টে শুকনো লঙ্কা
*৬ টা কাঁচা লঙ্কা
*৬-৮ টুকরো আদার টুকরো
*১ টা পাতিলেবুর রস
*৫০ গ্রাম ধনেপাতা কুচানো
কীভাবে বানাবেন?
প্রথমে ডালটা জল দিয়ে ভাল ভাবে ধুয়ে নিন৷ একটা বাটিতে ঠান্ডা জলে ডালটা ১৫ মিনিট ভিজিয়ে রাখুন৷ এরপর ডাল থেকে জলটা ফেলে দিয়ে একটা পাত্রে ডালটা সিদ্ধ বসিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচ বাড়ানো থাকবে৷ মোটামুটি ৩০ মিনিট লাগবে ডাল সিদ্ধ হয়ে নরম হতে৷
এরপর একটা কড়াইতে তেল আর মাখন একসঙ্গে নিয়ে মাঝারি আঁচে গরম করতে হবে৷ হিং, গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিন৷ পেঁয়াজ হালকা লাল করে ভাজতে হবে৷ এরপর আদা আর শুকনো লঙ্কা দিন৷ ভাল করে তিন-চার মিনিট নাড়তে হবে৷
এরপর সিদ্ধ করে রাখা ডাল কড়াইতে দিয়ে দিন৷ নুন, কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকুন৷ এক মিনিট পর চাটমশলা ছড়িয়ে দিন৷ লেবুর রস আর ধনেপাতাও দিয়ে দিন৷ এই সময় গ্যাসের আঁচ কমিয়ে রাখুন৷ কম আঁচে পাঁচ-সাত মিনিট রান্না করুন৷ ডাল ঘন হয়ে এলে গরম গরম রুমালি রুটির সঙ্গে পরিবেশন করুন রামপুরী ডাল।
