নেতিবাচক চিন্তা আমাদের সকলের জীবনেই আসে। কখনও কাজের চাপ, কখনও ব্যক্তিগত সমস্যা, আবার কখনও খারাপ খবর দেখে মন খারাপ হয়ে যায়। কিন্তু সমস্যা হয় তখনই, যখন এই ভাবনাগুলো বারবার মাথায় ঘুরতে থাকে। এতে মন খারাপ, দুশ্চিন্তা, এমনকি ক্লান্তিও বাড়ে। তবে খুব সহজ কিছু উপায়ে এই নেতিবাচক চিন্তা থেকে মন সরানো যায়।

প্রথমত শরীরকে নড়াচড়া করান। আপনি যদি চুপচাপ বসে থাকেন, তাহলে নেতিবাচক চিন্তা আরও বাড়ে। তাই একটু হাঁটা, ঘর গোছানো বা হালকা ব্যায়াম করলে মন অনেকটাই ফ্রেশ লাগে। মনও ভাল থাকে।

নিজের পছন্দের কাজ করুন। যেমন গান শোনা, ছবি আঁকা, রান্না করা বা বই পড়া। এই ধরনের কাজ করলে মন অন্যদিকে চলে যায় এবং ধীরে ধীরে দুশ্চিন্তা কমে। ছোট কোনও কাজ শেষ করলেও নিজের ওপর একটা ভাল লাগা তৈরি হয়।

মোবাইল ও সোশ্যাল মিডিয়া একটু কম ব্যবহার করুন। সারাক্ষণ খবর বা অন্যদের জীবন দেখে তুলনা করলে নিজের মন আরও খারাপ হতে পারে। তাই নির্দিষ্ট সময় ঠিক করে ব্যবহার করুন, অযথা স্ক্রল করা বন্ধ করুন।

কারও সঙ্গে কথা বলুন। বন্ধু, পরিবার বা বিশ্বাসযোগ্য কারও কাছে নিজের মনের কথা বললে অনেকটাই চাপ কমে যায়। অনেক সময় শুধু কেউ মন দিয়ে শুনলেই মন হালকা হয়ে যায়।

শ্বাস-প্রশ্বাসে মন দিন। খুব সহজ একটা উপায় রয়েছে। ধীরে ধীরে শ্বাস নিন, তারপর ছাড়ুন। কয়েক মিনিট এভাবে করলে মন শান্ত হয়। বর্তমান মুহূর্তে ফিরে আসে, আর নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমে।

নেতিবাচক চিন্তা পুরোপুরি দূর করা সম্ভব নয়। কিন্তু আপনি কীভাবে সেটা সামলাবেন, সেটাই আসল। নিয়মিত এই ছোট ছোট অভ্যাসগুলো করলে মন ধীরে ধীরে শক্ত হয় এবং চাপ সামলানো সহজ হয়ে যায়।

অর্থাৎ সমস্যা থেকে পালানো নয়, মাঝে একটু থেমে নিজের মনকে সময় দেওয়া খুব জরুরি। তাহলেই নেতিবাচকতা কমে, আর জীবন অনেকটাই হালকা লাগে।