মেনোপজ বা ঋতুবন্ধ নারীদের জীবনের একটি স্বাভাবিক অধ্যায় হলেও এই সময় শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। হরমোনের ওঠানামার কারণে ঘুমের সমস্যা, ওজন বৃদ্ধি, মুড সুইং কিংবা হজমের গোলমালের মতো সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই সময় সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই উপসর্গগুলি। পুষ্টিবিদের মতে, মেনোপজের সময়ে কিছু খাবার এড়িয়ে চলা খুবই জরুরি।
অতিরিক্ত প্রসেসড ও রিফাইন্ড কার্বোহাইড্রেট শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন সাদা পাউরুটি, সাদা চাল, চিনি, চিনিযুক্ত খাবার, রাইস কেক কিংবা প্যাকেটজাত ফলের রস দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে ক্লান্তি, ক্ষুধা বৃদ্ধি এবং ওজন বাড়ার প্রবণতা দেখা দিতে পারে।
এছাড়াও অতিরিক্ত চিনি, বেশি নুনযুক্ত খাবার, অ্যালকোহল এবং আল্ট্রা-প্রসেসড ফুড মেনোপজের উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অনেকের ক্ষেত্রে ক্যাফেইন ও ঝাল খাবার ঘুমের সমস্যা বাড়ায়।
এইসময় ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার দিকে বেশি নজর দেওয়া উচিত। ওটস, ব্রাউন রাইস, কিনোয়া, ফল, শাকসবজি ও ডাল জাতীয় খাবার হজম ভালো রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে।
প্রোটিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মেনোপজের পরে অনেক নারীর পেশির শক্তি কমতে শুরু করে। তাই ডিম, মাছ, ডাল, বাদাম বা দইয়ের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়া দরকার।
বিশেষজ্ঞদের মতে, জলখাবারে প্রোটিন খাওয়া দরকার৷ পর্যাপ্ত জল খাওয়ার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা। শরীরে জলের ঘাটতি থাকলে ক্লান্তি ও মাথাব্যথার সমস্যা বাড়তে পারে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোও সমান জরুরি।















