আজকাল ওয়েব ডেস্ক: ফ্যাশন জগতে নক্ষত্রপতন। দীপাবলির পরদিন শোকের ছায়া নামল ফ্যাশন দুনিয়ায়। চলে গেলেন দেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
ফ্যাশন দুনিয়ায় গুড্ডা নামেও পরিচিত ছিলেন রোহিত। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি গুরুগ্রামের একটি হাসপাতালে রোহিতকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন শিল্পী।
ফ্যাশন ডিজাইন কাউন্সিলের তরফে রোহিতের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ' দুঃখের সঙ্গে জানানো হচ্ছে জনপ্রিয় ডিজাইনার রোহিত বল চলে গেলেন। তিনি ভারতের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি সবসময়ই ঐতিহ্যের সঙ্গে দারুণভাবে মিশিয়ে দিয়েছেন তাঁর অভিনব ভাবনা চিন্তাকে । ভারতীয় ফ্যাশনকে অনন্য মাত্রা দিয়েছিলেন তিনি। শান্তিতে থেকো গুড্ডা'
গত বছর ডিসেম্বর মাসে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রোহিত বল। তারপর খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কাজের জগতে ফিরে এসেছিলেন। কিছুদিন আগেই তিনি ল্যাকমে ফ্যাশন উইকে নিজের ফ্যাশন তুলে ধরেছিলেন। হেঁটেছিলেন অনন্যা পান্ডের সঙ্গেও।এরই মাঝে আচমকাই ফের শুক্রবার তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
১৯৬১ সালে কাশ্মীরি পন্ডিত পরিবারে জন্ম রোহিতের। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে পাশ করেন। পরে দিল্লির জাতীয় ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে একটি কোর্স করেন তিনি।১৯৮৬ সালে ফ্যাশন ডিজাইনার হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। পুরুষ, মহিলা সকলের জন্যই তাঁর পোশাকে ছিল অভিনবত্ব। পোশাক ছাড়াও গয়নাও ডিজাইন করতেন তিনি। ২০০১ এবং ২০০৪ সালে ‘ইন্টারন্যাশনাল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘ডিজাইনার অফ দ্য ইয়ার’ হিসাবে নির্বাচিত হন রোহিত। এরপর ২০০৬ সালে পেয়েছিলেন ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’। ২০১২ সালে ল্যাকমে ফ্যাশন উইকেও পুরস্কৃত হন তিনি।
















