দোল মানেই রঙের ছটা, প্রিয়জনের সঙ্গে হইচই, জমিয়ে খাওয়াদাওয়া আর দিনভর আনন্দ। কিন্তু এই আনন্দের ভিড়েই অনেক সময় আমরা শরীরের কথা ভুলে যাই। রোদে ঘণ্টার পর ঘণ্টা থাকা, না খেয়ে রং খেলা, বেশি ভাজাভুজি খাওয়া- এসবের ফলে শরীর বিগড়ানোর আশঙ্কা থাকে। তবে আগে থেকে সাবধান হলে দোলে চুটিয়ে রং খেলেও সুস্থ থাকবেন।
জলই ভরসাঃ রং খেলতে খেলতে আমরা টেরই পাই না কতটা ঘাম হচ্ছে। শরীর থেকে জল বেরিয়ে গেলে দুর্বল লাগে, মাথা ঘোরে, এমনকী বমিও হতে পারে। তাই বারবার জল খান। শুধু পানীয় জল নয়, লেবুর শরবত, ডাবের জল, গ্লুকোজ মেশানো জল বা লস্যি খেতে পারেন। এগুলো শরীর ঠান্ডা রাখে এবং এনার্জি দেয়। চেষ্টা করুন, সকালে বেরনোর আগে ভাল করে জল খেয়ে বেরতে।
খাওয়াদাওয়ায় সংযমঃ দোলের দিন বাড়িতে নানা রকম মিষ্টি আর ভাজাভুজি থাকে। খেতে যতই সুস্বাদু হোক, এই সব খাবার বেশি খেলেই বিপদ! পেটের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। তাই অল্প অল্প করে খান। মাঝে ফল, শসা, তরমুজ, দই বা হালকা খাবার রাখুন। এগুলো শরীর ঠান্ডা রাখে।
স্বাস্থ্যবিধি মানুনঃ রং খেলার পর কিছু খাওয়ার আগে সাবান দিয়ে ভাল করেহাত ধুয়ে নিন। না হলে রং পেটে গিয়ে সমস্যা হতে পারে।
রোদ থেকে বাঁচুনঃ দোল সাধারণত খোলা জায়গায় খেলা হয়। দুপুরের রোদ খুব কড়া হলে মাথা ব্যথা বা সানবার্ন হতে পারে। তাই বেরনোর আগে সানস্ক্রিন লাগান। সুতির, ফুলহাতা জামা পরলে ত্বক কিছুটা সুরক্ষিত থাকে। মাথায় ক্যাপ বা ওড়না রাখলেও ভাল। খুব বেশি ক্লান্ত লাগলে একটু ছায়ায় বসে বিশ্রাম নিন।
রং বাছাইয়ে সতর্কতাঃ সব রং ত্বকের জন্য ভাল নয়। অনেক রঙে কড়া রাসায়নিক থাকে, যা চুলকানি, র্যা শ বা চোখে জ্বালা করতে পারে। তাই যতটা সম্ভব হার্বাল বা প্রাকৃতিক রং ব্যবহার করুন। চোখ, নাক বা মুখে রং ঢুকতে দেবেন না। চোখে রং গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
বুঝেশুনে মদ্যপানঃ দোলের দিন মদ্যপানের ঝোঁক নজরে আসে। মদ্যপান যে শরীরের জন্য ক্ষতিতর, একথা সকলেরই জানা। যদি একান্তই খাওয়ার ইচ্ছে হয়, তাহলে এক থেকে দু পেগ খাওয়াই শ্রেয়।
ওষুধ খাওয়ায় গাফিলতি নয়: রং খেলার সময় দীর্ঘক্ষণ বাইরে থাকতে হয়। ফলে অনেক সময়ে ওষুধ খাওয়ার ক্ষেত্রে গাফিলতি দেখা দেয়। কিন্তু ডায়াবেটিস, সুগারের মতো ক্রনিক অসুখে ঠিক সময়ে ওষুধ না খেলেই শরীরে জটিলতা তৈরি হতে পারে।
খেলার পর যত্নঃ রং খেলা শেষ হলে দেরি না করে স্নান করুন। খুব গরম জল ব্যবহার না করে হালকা গরম জল নিন। ত্বকে মৃদু সাবান আর চুলে হালকা শ্যাম্পু ব্যবহার করুন। স্নানের পর ময়েশ্চারাইজার লাগালে ত্বক শুষ্ক হবে না।
