আমাদের শরীরের হাড় শক্ত রাখতে ক্যালসিয়াম খুবই দরকার। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, দুধ খাও, হাড় মজবুত হবে। কিন্তু অনেকেই জানি না, প্রতিদিনের কিছু সাধারণ খাবারই অজান্তে শরীর থেকে ক্যালসিয়াম কমিয়ে দেয়। ফলে ধীরে ধীরে হাড় দুর্বল হয়ে যেতে পারে, এমনকী বয়স বাড়লে হাড় ভাঙার ঝুঁকিও বেড়ে যায়।

লবণঃ আমরা অনেকেই খাবারে অতিরিক্ত নুন খাই বা প্যাকেটজাত নোনতা খাবার যেমন চিপস, আচার, ভাজাভুজি বেশি খাই। কিন্তু বেশি লবণ খেলে শরীর প্রস্রাবের সঙ্গে ক্যালসিয়াম বের করে দেয়। ফলে হাড়ে ক্যালসিয়াম কমে যায়। তাই যতটা সম্ভব কম নুন খাওয়াই ভাল।

কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্কঃ এই ধরনের পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকে, যা শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে। নিয়মিত এসব পানীয় খেলে হাড় ধীরে ধীরে দুর্বল হতে পারে। বিশেষ করে ছোটদের জন্য এগুলো আরও ক্ষতিকর।

চা ও কফিঃ চা ও কফি বেশি খেলে সমস্যা হতে পারে। এতে থাকা ক্যাফেইন শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয়। দিনে ২ কাপের বেশি চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তা কমানো উচিত।

ফাস্ট ফুড ও প্রসেসড খাবারঃ বিভিন্ন ধরনের বার্গার, পিৎজা, রেডি-টু-ইট খাবার থাকে অতিরিক্ত নুন ও কেমিক্যাল। এগুলো শরীরে ক্যালসিয়াম ঠিকভাবে কাজ করতে দেয় না। ফলে শরীর ক্যালসিয়াম পেলেও তার পুরো উপকার পাওয়া যায় না।

এছাড়া অনেক বেশি প্রোটিন খাওয়াও কখনও কখনও ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যদি সেটি বেশি পরিমাণে মাংস বা প্রাণীজ উৎস থেকে আসে। এতে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়ে এবং শরীর সেই ভারসাম্য রাখতে গিয়ে হাড় থেকে ক্যালসিয়াম টেনে নেয়।

চিনিযুক্ত খাবারও কম খাওয়া উচিত। বেশি মিষ্টি বা চিনি খেলে শরীরের পুষ্টির ভারসাম্য নষ্ট হয় এবং ক্যালসিয়াম শোষণ কমে যায়।

তাই শুধু ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেই হবে না, কোন খাবারগুলো ক্যালসিয়াম কমিয়ে দেয় সেদিকেও নজর দিতে হবে। দুধ, দই, সবুজ শাকসবজি খাওয়ার পাশাপাশি এই ক্ষতিকর খাবার কম খেলে হাড় অনেক বেশি দিন পর্যন্ত শক্ত ও সুস্থ থাকবে।