গরমে বা শুষ্ক আবহাওয়ায় অনেকেরই হঠাৎ নাক থেকে রক্ত পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এটি সাময়িক সমস্যা এবং কিছুক্ষণ পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তাই অনেকে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু যদি বারবার নাক থেকে রক্ত পড়ে, তাহলে তা কখনওই অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, এটি শরীরের কোনও গুরুতর রোগের লক্ষণও হতে পারে।


ইএনটি বিশেষজ্ঞদের মতে, নাকের ভেতরে অনেক সূক্ষ্ম রক্তনালি থাকে। এগুলো খুবই নরম এবং সহজেই ফেটে যেতে পারে। তাই নাক খোঁটানো, জোরে নাক পরিষ্কার করা, নাকে আঘাত লাগা বা দীর্ঘদিন শুষ্ক আবহাওয়ায় থাকার কারণে রক্তপাত হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নাক খোঁটানোর অভ্যাসই সবচেয়ে সাধারণ কারণ।


এছাড়া সর্দি, অ্যালার্জি বা সাইনাসের সংক্রমণের কারণে নাকের ভেতরের অংশে প্রদাহ তৈরি হলে রক্ত পড়তে পারে। অনেক সময় বারবার হাঁচি বা নাক ঝাড়ার ফলেও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। তবে সব সময় কারণ এতটা সাধারণ নয়। 


চিকিৎসকদের মতে, যদি কোনও ব্যক্তি ঘন ঘন নাক থেকে রক্ত পড়ার সমস্যায় ভোগেন, তাহলে উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেশার) তার একটি কারণ হতে পারে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে।


এছাড়া যাঁরা দীর্ঘদিন ধরে রক্ত পাতলা করার ওষুধ, যেমন অ্যাসপিরিন বা অন্য অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ খান, তাঁদেরও এই সমস্যা দেখা দিতে পারে। কারণ এই ওষুধগুলো রক্ত জমাট বাঁধতে সময় নেয়।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে লিভারের রোগ, কিডনির সমস্যা, রক্ত জমাট বাঁধার অসুখ, এমনকি খুব বিরল ক্ষেত্রে নাকের টিউমার বা ক্যানসারের কারণেও বারবার নাক থেকে রক্ত পড়তে পারে। তাই সমস্যাটি দীর্ঘদিন চললে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


নাক থেকে রক্ত পড়লে কী করবেন? প্রথমেই আতঙ্কিত হবেন না। সোজা হয়ে বসুন এবং শরীর সামান্য সামনে ঝুঁকিয়ে রাখুন। এরপর নাকের নরম অংশ দুই আঙুল দিয়ে ১০ থেকে ১৫ মিনিট শক্ত করে চেপে ধরুন। এতে বেশিরভাগ ক্ষেত্রেই রক্তপাত বন্ধ হয়ে যায়।


অনেকে মাথা পিছনে হেলিয়ে দেন। এটি ভুল অভ্যাস। এতে রক্ত গলার ভিতর দিয়ে পেটে চলে যেতে পারে, যা পরে বমি বা অন্য সমস্যার কারণ হতে পারে।


কখন চিকিৎসকের কাছে যাবেন? নিচের লক্ষণগুলির কোনওটি থাকলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। যেমন- বারবার নাক থেকে রক্ত পড়ছে, ১৫-২০ মিনিট চেপে ধরার পরও রক্ত বন্ধ হচ্ছে না, খুব বেশি রক্ত বের হচ্ছে, মাথা ঘোরা, দুর্বল লাগা বা শ্বাসকষ্ট হচ্ছে, নাকে আঘাত লাগার পর রক্তপাত শুরু হয়েছে, রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার সময় এই সমস্যা হচ্ছে।


বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই নাক থেকে রক্ত পড়া গুরুতর নয়। তবে যদি এটি বারবার হয় বা অন্য উপসর্গও দেখা দেয়, তাহলে পরীক্ষা করিয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ। সময়মতো কারণ জানা গেলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব এবং বড় ধরনের জটিলতাও এড়ানো যায়।