হার্ট সুস্থ রাখা আজকের দিনে বড় চ্যালেঞ্জ। অনিয়মিত জীবনযাপন, ভাজাভুজি খাবার, মানসিক চাপ-সব মিলিয়ে কমবয়সেই বাড়ছে হৃদরোগের ঝুঁকি। এমন পরিস্থিতিতে রোজের খাদ্যতালিকায় কিছু স্বাস্থ্যকর উপাদান যোগ করা প্রয়োজন। যার মধ্যে অন্যতম হল ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ। পুষ্টিগুণে ভরপুর এই ছোট্ট বীজ নিয়মিত খেলে শরীর পায় একাধিক উপকার।


বিশেষজ্ঞদের মতে, তিসি বীজে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট। এই সব উপাদান একসঙ্গে কাজ করে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত ফ্ল্যাক্স সিড খেকে কী কী উপকার পাবেন জেনে নিন- 


হার্টের সুরক্ষায় কার্যকর: তিসি বীজের সবচেয়ে বড় গুণ হল হৃদযন্ত্রকে সুরক্ষা দেওয়া। এতে থাকা ওমেগা-৩ রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ভাল কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণেও তিসি বীজ উপকারী।

হজমের সমস্যা কমায়: গুঁড়ো তিসি বীজে থাকা ফাইবার হজমশক্তি ভাল রাখতে সাহায্য করে। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে, পেট পরিষ্কার থাকে। যাঁদের গ্যাস, অম্বল বা পেট ভারী লাগার সমস্যা রয়েছে, তাঁদের জন্য এটি খুবই উপকারী।


ওজন নিয়ন্ত্রণে সহায়ক: ওজন কমাতে চাইলে তিসি বীজ খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অকারণে খিদে পায় না এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে।


ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: ডায়াবেটিস রোগীদের জন্যও তিসি বীজ উপকারী। এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে দেয় না। নিয়মিত খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে বলে মত চিকিৎসকেরা।


ত্বক ও চুলের যত্নেও উপকারী: শুধু শরীরের ভিতর নয়, তিসি বীজ ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও ভাল। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। পাশাপাশি চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া কমে।


কীভাবে খাবেন

প্রতিদিন ১ থেকে ২ চা চামচ গুঁড়ো তিসি বীজ দই, গরম জল, স্মুদি বা স্যালাডের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত না খাওয়াই ভাল, কারণ বেশি খেলে পেটের সমস্যা হতে পারে।