বিয়ে মানে শুধু দু’জন মানুষের একসঙ্গে থাকা নয়, বরং ভবিষ্যতের জন্য একসঙ্গে পরিকল্পনা করাও। সংসার চালানো থেকে শুরু করে বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা, চিকিৎসা—সব ক্ষেত্রেই টাকার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বিয়ের আগে প্রেম, পছন্দ-অপছন্দের পাশাপাশি অর্থনৈতিক বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, অনেক দাম্পত্য সমস্যার পিছনেই আর্থিক অস্বচ্ছতা কাজ করে।

প্রথমেই জেনে নেওয়া উচিত, হবু জীবনসঙ্গীর আয় কত এবং তাঁর মাসিক খরচ কেমন। শুধু কত টাকা রোজগার করেন, সেটাই যথেষ্ট নয়। তিনি কি কোনও ঋণ শোধ করছেন? ক্রেডিট কার্ডের বকেয়া আছে কি? বাড়ি বা গাড়ির লোন রয়েছে কি না, সেসবও জানা দরকার। কারণ বিয়ের পর এই আর্থিক দায়-দায়িত্বের প্রভাব দু’জনের জীবনেই পড়বে।

বিয়ের আগে সঞ্চয় এবং বিনিয়োগের বিষয়েও আলোচনা করা প্রয়োজন। কেউ হয়তো আয় করেই বেশিরভাগ টাকা খরচ করে ফেলেন, আবার কেউ নিয়মিত সঞ্চয় করেন। ভবিষ্যতে আর্থিক লক্ষ্য পূরণ করতে গেলে দু’জনের চিন্তাভাবনা অনেকটাই মিল থাকা দরকার। নইলে সংসারে অশান্তি তৈরি হতে পারে।

মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আর্থিক স্বাধীনতা বজায় রাখা। বিয়ের পরেও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে সচেতন থাকা উচিত। অনেক সময় দেখা যায়, মেয়েরা সমস্ত আর্থিক সিদ্ধান্ত সঙ্গীর উপর ছেড়ে দেন। কিন্তু জরুরি পরিস্থিতিতে নিজের আর্থিক নিরাপত্তা থাকা খুবই প্রয়োজন।

এছাড়া সংসারের খরচ কীভাবে চলবে, তা নিয়েও আগে থেকে আলোচনা করা উচিত। মাসিক খরচ, সঞ্চয়, ভ্রমণ বা ভবিষ্যতের বড় পরিকল্পনার জন্য কে কতটা অর্থ দেবেন, তা স্পষ্ট থাকলে পরে ভুল বোঝাবুঝি কম হয়।

অনেক দম্পতি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন, আবার অনেকে আলাদা অ্যাকাউন্ট রেখে যৌথভাবে খরচ চালান। কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা দু’জনের সম্মতিতেই ঠিক করা উচিত।

স্বাস্থ্যবিমা, জীবনবিমা এবং অবসরকালীন সঞ্চয় সম্পর্কেও কথা বলা প্রয়োজন। অনেকেই তরুণ বয়সে এসব বিষয়কে গুরুত্ব দেন না। কিন্তু ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সততা। নিজের ঋণ, আর্থিক সমস্যা বা খরচের অভ্যাস লুকিয়ে রাখা উচিত নয়। বিয়ের আগে অর্থনৈতিক বিষয় নিয়ে যত বেশি স্বচ্ছতা থাকবে, সম্পর্ক তত বেশি মজবুত হবে।
সফল দাম্পত্য জীবনের জন্য ভালবাসার পাশাপাশি প্রয়োজন আর্থিক বোঝাপড়াও। তাই বিয়ের আগে টাকার বিষয়ে খোলামেলা আলোচনা করতে সংকোচ করবেন না। এতে ভবিষ্যতের অনেক সমস্যা আগেই এড়ানো সম্ভব।