স্যালাড মানেই স্বাস্থ্যকর, কম-বেশি সকলেই একথা মানেন। তাই ওজন কমাতে হোক কিংবা সার্বিক সুস্থতার জন্য অনেকেই নিয়মিত স্যালাড খান। কিন্তু জানেন কি, ভুলভাবে স্যালাড খেলে উপকারের বদলে শরীরের ক্ষতি হতে পারে? সামান্য কিছু ভুল অভ্যাস অজান্তেই বড় রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়? আসুন জেনে নেওয়া যাক-

কাঁচা সবজি খাওয়াঃ অনেকে ভাবেন, স্যালাডে শসা-টমেটো-গাজর কেটে খেলেই যথেষ্ট। কিন্তু আমাদের শরীরের কিছু ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই, কে ঠিকভাবে শোষণ করতে সামান্য স্বাস্থ্যকর ফ্যাট প্রয়োজন। একেবারে ফ্যাট ছাড়া স্যালাদ খেলে এই ভিটামিনগুলোর সম্পূর্ণ উপকার পাওয়া যায় না। তাই স্যালাদে সামান্য অলিভ অয়েল, বাদাম, বীজ বা অ্যাভোকাডো যোগ করা ভাল।

প্রোটিন না রাখাঃ শুধু সবজি খেলে পেট দ্রুত খালি হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই আবার খিদে পায়। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। তাই স্যালাদে সেদ্ধ ডিম, গ্রিল করা চিকেন, ছোলা, রাজমা, পনির বা টোফু যোগ করলে তা অনেক বেশি পুষ্টিকর ও পরিপূর্ণ খাবার হয়।

ভুল ড্রেসিংঃ অনেকেই বাজারের রেডিমেড ড্রেসিং ব্যবহার করেন, যেগুলোতে লুকিয়ে থাকে প্রচুর চিনি, নুন ও অস্বাস্থ্যকর ফ্যাট। এতে স্যালাদের ক্যালোরি বেড়ে যায় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে পারে। এর বদলে লেবুর রস, সামান্য অলিভ অয়েল, গোলমরিচ ও এক চিমটি লবণ ব্যবহার করাই ভাল।

অতিরিক্ত ফল মেশানোঃ ফল স্বাস্থ্যকর হলেও বেশি দিলে চিনি বেড়ে যেতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। 

খালি পেটে বেশি খাওয়াঃ অনেকে খালি পেটে বেশি পরিমাণে কাঁচা স্যালাদ খান। এতে অনেকের গ্যাস, পেট ফাঁপা বা হজমের সমস্যা হতে পারে। তাই ভারসাম্য রেখে খাওয়া জরুরি। চাইলে অল্প সেদ্ধ বা হালকা ভাপে রান্না করা সবজিও ব্যবহার করা যেতে পারে।

সবমিলিয়ে, স্যালাদ অবশ্যই ভাল খাবার। কিন্তু সেটি হতে হবে সুষম। শুধু কাঁচা সবজি নয়, তার সঙ্গে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং সঠিক ড্রেসিং থাকতে হবে। তবেই স্যালাদ সত্যিই আপনার শরীরের উপকার করবে। সচেতনভাবে খেলে স্যালাদ হতে পারে আপনার দৈনন্দিন স্বাস্থ্যরক্ষার সেরা সঙ্গী।