ত্বকের বলিরেখা কমানো আর স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য এখন অনেকেই ঘরোয়া উপায়ের দিকে ঝুঁকছেন। দামি প্রসাধনী ব্যবহার না করেও খুব সহজে বাড়িতে তৈরি করা যায় প্রাকৃতিক ফেস সিরাম, যা নিয়মিত ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে মসৃণ ও উজ্জ্বল হতে পারে।

এই সিরাম তৈরির সবচেয়ে বড় সুবিধা হল, এতে কোনও ক্ষতিকর রাসায়নিক থাকে না। তাই ত্বকের ক্ষতির ভয় কম থাকে। সাধারণত অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল এবং গোলাপ জল দিয়েই এটি তৈরি করা যায়। এই তিনটি উপাদানই ত্বকের জন্য খুব উপকারী। 

অ্যালোভেরা ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে ও ঠান্ডা রাখে, ভিটামিন ই ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে এবং বলিরেখা কমাতে ভূমিকা রাখে, আর গোলাপ জল ত্বককে সতেজ ও পরিষ্কার রাখে।

কীভাবে বানাবেন:

প্রথমে একটি পরিষ্কার পাত্র নিন। এতে এক চামচ অ্যালোভেরা জেল দিন। এরপর ১-২টি ভিটামিন ই ক্যাপসুল কেটে তার ভেতরের তেল বের করে মিশিয়ে দিন। তারপর ১ চামচ গোলাপ জল যোগ করুন। সব উপকরণ ভালভাবে মিশিয়ে একটি পরিষ্কার বোতলে ভরে রাখুন। চাইলে ফ্রিজে রেখে কয়েকদিন ব্যবহার করতে পারেন।

কীভাবে ব্যবহার করবেন:রাতে ঘুমানোর আগে মুখ ভাল করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। এরপর তোয়ালে দিয়ে মুছে অল্প পরিমাণ সিরাম হাতে নিয়ে মুখে ও গলায় হালকা করে মালিশ করুন। সারারাত রেখে দিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই ত্বকে পরিবর্তন টের পাবেন।

আরেকটি সহজ উপায় হল, চালের জল ব্যবহার করা। ভাত রান্না করার আগে চাল ধোয়ার যে জল পাওয়া যায়, সেটি অ্যালোভেরা ও ভিটামিন ই-এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বক আরও টানটান ও উজ্জ্বল হতে পারে।

এই সিরাম ত্বকের শুষ্কতা কমায়, ত্বক নরম করে এবং ধীরে ধীরে সূক্ষ্ম বলিরেখা হালকা করতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, একেবারে স্থায়ীভাবে বলিরেখা দূর করা সম্ভব নয়। কিন্তু নিয়মিত যত্ন নিলে তা অনেকটাই কম দেখা যায়। পাশাপাশি কিছু অভ্যাস খুব জরুরি। যেমন রোজ পর্যাপ্ত জল পান করা, ৭-৮ ঘণ্টা ঘুমানো এবং রোদে বেরোলে ত্বক ঢেকে রাখা।

খুব সহজ উপায়ে বাড়িতে তৈরি এই প্রাকৃতিক সিরাম নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে সতেজ, নরম ও উজ্জ্বল। তবে যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা ব্যবহার করার আগে একটু পরীক্ষা করে নিলে ভাল।