ত্বকে ব্রণ হওয়া খুব সাধারণ সমস্যা। অনেক সময় হাজার পরিচর্যা করেও ব্রণর সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না।  কিন্তু জানলে অবাক হবেন, শুধু ত্বকের যত্নই নয়, খাবারের সঙ্গে ব্রণর সরাসরি সম্পর্ক রয়েছে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন আমরা যা খাই, তা ত্বকের ওপর প্রভাব ফেলে। তাই পরিষ্কার ও ব্রণমুক্ত ত্বক চাইলে কিছু খাবার খাওয়া কমানো বা এড়িয়ে চলা জরুরি।

সবচেয়ে আগে আসে ময়দা দিয়ে তৈরি খাবার। যেমন বিস্কুট, কেক, পেস্ট্রি, সাদা পাউরুটি। এগুলো খেলে শরীরে খুব দ্রুত চিনি বাড়ে। তখন শরীর বেশি ইনসুলিন তৈরি করে, যা ত্বকে অতিরিক্ত তেল বের করতে সাহায্য করে। এই তেল ত্বকের রন্ধ্র বন্ধ করে দেয়, ফলে ব্রণ হয়।

এছাড়া চিনি ও মিষ্টিজাতীয় খাবার যেমন সফট ড্রিংক, প্যাকেটের জুস, মিষ্টি, চকোলেট শরীরে প্রদাহ বাড়ায়। ফলে ত্বক ফুলে যায়, লালভাব বাড়ে এবং ব্রণ সহজে দেখা দেয়। যারা বেশি মিষ্টি খান, তাদের ব্রণের সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

দুধ ও দুগ্ধজাত খাবারও কিছু ক্ষেত্রে সমস্যা করতে পারে। বিশেষ করে যারা বেশি দুধ বা লো-ফ্যাট দুধ খান, তাদের শরীরে হরমোনের পরিবর্তন হতে পারে। এতে ত্বকে ব্রণ বাড়তে পারে। তবে সকলের ক্ষেত্রে এটা একরকম হয় না। কারও সমস্যা হয়, কারও হয় না।

ফাস্ট ফুড যেমন বার্গার, পিজ়া, ফ্রেঞ্চ ফ্রাই এগুলোতে প্রচুর তেল ও খারাপ ফ্যাট থাকে। এগুলো শরীরের ভেতরে ক্ষতিকর প্রভাব ফেলে এবং ত্বককে তেলতেলে ও নিস্তেজ করে দেয়। এর ফলে ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ে।

প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত স্ন্যাকস-এসবেও কৃত্রিম উপাদান ও প্রিজারভেটিভ থাকে। এগুলো শরীর ও ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয়।

তবে শুধু খারাপ খাবার বাদ দিলেই হবে না। ভাল খাবারও খেতে হবে। যেমন তাজা ফল, সবুজ শাকসবজি, বাদাম, ডাল, ডিম এবং প্রচুর জল। এগুলো ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে।

সকলের শরীর আলাদা। তাই কোন খাবারে আপনার ব্রণ বাড়ছে, সেটা লক্ষ্য করুন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। ঠিক ডায়েট মেনে চললে ত্বক ধীরে ধীরে পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠবে।