সকালটা ভালভাবে শুরু হলে পুরো দিনটাই ভাল কাটে, এ কথা আমরা সবাই জানি। কিন্তু অজান্তেই অনেকেই এমন কিছু ভুল করেন, যা শরীর ও মনের উপর খারাপ প্রভাব ফেলে। চিকিৎসকদের মতে, এই ছোট ছোট ভুলই দিনের শুরুটার বারোটা বাজায়।
সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো শুরু করা। অনেকেই অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়েন, ফোন দেখেন বা কাজ শুরু করে দেন। এতে শরীরে হঠাৎ চাপ পড়ে এবং স্ট্রেস হরমোন (কর্টিসল) বেড়ে যায়। ফলে মাথা ঝিমঝিম করা, খিটখিটে মেজাজ বা মনোযোগের অভাব দেখা দিতে পারে।
আরেকটি বড় ভুল হল ঘুম থেকে উঠেই মোবাইল দেখা। সোশ্যাল মিডিয়া বা মেসেজ চেক করার ফলে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে চাপের মধ্যে চলে যায়। এতে দিনের শুরুতেই অস্থিরতা তৈরি হয় এবং মনোযোগ কমে যায়।
অনেকেই আবার সকালে উঠে প্রথমেই চা বা কফি খেয়ে ফেলেন। কিন্তু চিকিৎসকেরা বলেন, সারারাত ঘুমানোর পর শরীর একটু ডিহাইড্রেটেড থাকে। তাই কফির আগে জল খাওয়া জরুরি। না হলে ক্লান্তি ও মনোযোগের সমস্যা বাড়তে পারে।
আরও একটি সাধারণ ভুল হল ব্রেকফাস্ট না খাওয়া। অনেকেই সময়ের অভাবে সকালের খাবার এড়িয়ে যান। এতে শরীরে অ্যাসিডিটি বাড়ে, এনার্জি কমে যায় এবং পরে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয়।
এছাড়া অনেকেই ঘুম থেকে উঠেই ভারী ব্যায়াম শুরু করেন। এতে শরীর ঠিকমতো প্রস্তুত না থাকায় চাপ পড়ে। বিশেষজ্ঞরা বলেন, আগে হালকা স্ট্রেচিং করা উচিত, তারপর ধীরে ধীরে এক্সারসাইজ করা ভাল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সকাল ভালভাবে শুরু হয় আগের রাত থেকে। দেরি করে ঘুমানো, মোবাইল ব্যবহার বা অ্যালকোহল খেলে ঘুমের মান খারাপ হয়, আর তার প্রভাব পড়ে পরের দিনের সকালে।
চিকিৎসকেরা পরামর্শ দেন, ঘুম থেকে উঠে একটু ধীরে ধীরে দিন শুরু করুন। প্রথমে জল খান, কিছুক্ষণ শান্ত থাকুন, তারপর কাজ শুরু করুন। এই ছোট অভ্যাসগুলোই আপনার দিনকে অনেক বেশি সতেজ ও স্বাভাবিক করে তুলতে পারে।














