আজকাল অনেকেই শরীরে এনার্জি বাড়াতে বা ভিটামিনের ঘাটতি পূরণ করতে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খান। কিন্তু এমন একটি খাবার রয়েছে, যা প্রাকৃতিকভাবে অসংখ্য গুরুত্বপূর্ণ পুষ্টিগুণে ভরপুর। সেটি হল চিকেন লিভার। পুষ্টিগুণের দিক থেকে এটি অন্যতম সেরা খাবার বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মুরগির লিভারে প্রচুর পরিমাণে ভিটামিন বি১২, আয়রন, ফোলেট, ভিটামিন এ, কোলিন এবং উচ্চমানের প্রোটিন থাকে। এই সব পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকারিতায় সাহায্য করে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, চিকেন লিভার ভিটামিন বি১২-এর অত্যন্ত সমৃদ্ধ উৎস। এই ভিটামিন শরীরের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে, লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখে। শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঝিমঝিম করা, মনোযোগ কমে যাওয়া এবং স্মৃতিশক্তির সমস্যা দেখা দিতে পারে। মাত্র অল্প পরিমাণ চিকেন লিভার খেলেই শরীরের দৈনিক প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভিটামিন বি১২ পাওয়া যায়।
এছাড়া এতে থাকা আয়রন রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। শরীরে আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে। তখন সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজ করার এনার্জি কমে যায় এবং মাথা ঘোরা অনুভূত হতে পারে। মুরগির লিভারে আয়রন সহজে শরীরে শোষিত হয়, তাই এটি আয়রনের ভাল উৎস হিসেবে ধরা হয়।
চিকেন লিভারে থাকা ফোলেট নতুন কোষ তৈরি এবং রক্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য ফোলেট অত্যন্ত জরুরি একটি পুষ্টি উপাদান।
এতে প্রচুর ভিটামিন এ-ও থাকে। এই ভিটামিন চোখের দৃষ্টিশক্তি ভাল রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। পাশাপাশি উচ্চমানের প্রোটিন পেশি শক্তিশালী রাখতে এবং শরীরের ক্ষতিগ্রস্ত কোষ মেরামতে সহায়তা করে।
চিকেন লিভার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল কোলিন। এটি মস্তিষ্কের স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং লিভারের সুস্থতার জন্য প্রয়োজনীয়। তবে যতই উপকারী হোক, চিকেন লিভার অতিরিক্ত খাওয়া উচিত নয়। এতে ভিটামিন এ-এর পরিমাণ বেশি থাকে। তাই সপ্তাহে এক বা দু'বার পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
সঠিক পরিমাণে খেলে চিকেন লিভার শরীরের এনার্জি বাড়াতে, রক্তের স্বাস্থ্য ভাল রাখতে এবং প্রয়োজনীয় ভিটামিন-খনিজের ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পুষ্টিকর খাবারের তালিকায় এটি সহজেই জায়গা করে নিতে পারে।















