অনিদ্রার সমস্যা দিন দিন বাড়ছে৷ সারাদিন ঘরে বাইরে পরিশ্রম করেও রাতে দুচোখের পাতা এক হয় না৷ পেশাগত এবং সাংসারিক ক্ষেত্রে বাড়তে থাকা উদ্বেগ এর অন্যতম কারণ৷
কমবয়সিদের মধ্যে ঘুম না এলে মোবাইল ল্যাপটপ খুলে বসার প্রবণতা বাড়ছে৷ এর ফলে হচ্ছে মারাত্মক ক্ষতি। ঘুম না আসার একাধিক কারণ থাকতে পারে৷ অনিদ্রার সমস্যা না থাকলেও অনেক সময় ঘুম আসে না৷
এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে যোগাসন৷ রোজ অভ্যাস করলে ঘুম ভাল হবে৷ জেনে নিন কোন কোন আসন করবেন?
পশ্চিমোত্তাসন - চিত হয়ে শুয়ে হাত দুটো মাথার দু'পাশে উপরের দিকে রাখতে হবে৷ দুটি পা জোড়া করে ধীরে ধীরে উঠে বসতে হবে। সামনে ঝুঁকে দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল ধরতে হবে৷ দুই পায়ে কপাল স্পর্শ করুন৷ হাঁটু ভাজ করবেন না। এই অবস্থায় পেট আর বুক উরুতে ঠেকাতে হবে৷
কিছুক্ষণ এই ভাবে থাকার পর দুই তিন মিনিট শবাসন করে বিশ্রাম নিন৷
ভাল হজমের প্রচার করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। স্ট্রেস এবং উদ্বেগ কমায়।
বালাসন - হামাগুড়ি দেওয়ার মতো করে মাটিতে বসতে হবে৷ নিতম্ব পায়ের গোড়ালির উপর রাখুন৷ কপাল মাটিতে ঠেকিয়ে হাত দুটো পিছনে নিয়ে যান৷ তালু উলটো করে পা স্পর্শ করুন৷
এই আসন মানসিক চাপ আর ক্লান্তি দূর করে।
বিপরীতকরণী - চিত হয়ে শুয়ে দুই পা জড়ো করে উপর দিকে তুলুন৷ নিতম্ব দুই হাতে ঠেলে উপরের দিকে তুলুন৷ খেয়াল রাখবেন, এই অবস্থায় কোমর আর পা যেন সোজা থাকে৷ পা শূন্যে তোলার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে৷ এই অবস্থায় ১০-১২ সেকেন্ড থাকার চেষ্টা করুন৷ এরপর আবার তিন চার মিনিট শবাসন করুন। স্নায়ু শক্তিশালী করে তুলতে এই আসনের জুড়ি মেলা ভার। গোটা দেহে রক্ত চলাচল করতেও বিশেষ সহায়তা করে এই আসন।
















