রান্নাঘর আমাদের বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এখানেই প্রতিদিন পরিবারের জন্য খাবার তৈরি হয়। তাই এই জায়গা পরিষ্কার রাখা খুবই জরুরি। কিন্তু শুধু রান্নাঘর পরিষ্কার করলেই হবে না, সেখানে ব্যবহৃত কিছু জিনিসও সময়মতো বদলানো প্রয়োজন। না হলে সেই জিনিসগুলিতেই জমতে পারে জীবাণু বা ক্ষতিকর রাসায়নিক, যা ধীরে ধীরে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।


পুষ্টিবিদদের মতে, রান্নাঘরের এমন তিনটি জিনিস রয়েছে, যেগুলি অনেকেই বছরের পর বছর ব্যবহার করেন। অথচ এগুলি সময়মতো বদলে না ফেললে নানা ধরনের সংক্রমণ, অ্যালার্জি বা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।


১. পুরনো কিচেন স্পঞ্জ: বাসন মাজার স্পঞ্জ সবসময় ভেজা থাকে। এতে খাবারের ছোট ছোট কণা আটকে যায়। এই ভেজা পরিবেশে খুব দ্রুত ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য জীবাণু বংশবিস্তার করে। বাইরে থেকে স্পঞ্জ পরিষ্কার দেখালেও তার ভেতরে অসংখ্য জীবাণু থাকতে পারে। তাই একই স্পঞ্জ অনেকদিন ব্যবহার করা ঠিক নয়। প্রতি ১ থেকে ২ সপ্তাহ অন্তর স্পঞ্জ বদলে ফেলুন। প্রতিবার ব্যবহার শেষে ভালভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকনো জায়গায় রাখুন। এতে জীবাণু কিছুটা কম জন্মায়।


২. বেশি রাসায়নিকযুক্ত ডিশওয়াশ জেল: অনেক ডিশওয়াশ জেলে কৃত্রিম সুগন্ধি, রং এবং শক্তিশালী রাসায়নিক উপাদান থাকে। এগুলি বাসন পরিষ্কার করলেও অনেকের হাতে চুলকানি, ত্বকে জ্বালা বা অ্যালার্জির সমস্যা হতে পারে। সংবেদনশীল ত্বকের মানুষদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়। তাই সম্ভব হলে কম রাসায়নিকযুক্ত, পরিবেশবান্ধব বা মৃদু উপাদান দিয়ে তৈরি ডিশওয়াশ লিকুইড ব্যবহার করা ভাল। বাসন ধোয়ার পর পরিষ্কার জল দিয়ে ভালভাবে কেচে নেওয়াও জরুরি।


৩. আঁচড় ধরা বা খসে যাওয়া নন-স্টিক প্যান: নন-স্টিক কড়াই বা ফ্রাইপ্যান অনেকের রান্নাঘরেই থাকে। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে যদি এর কালো আবরণ উঠে যেতে শুরু করে বা গভীর আঁচড় পড়ে, তাহলে সেটি আর ব্যবহার করা উচিত নয়। এই ধরনের পাত্রে রান্না করলে খাবারের গুণমান নষ্ট হতে পারে এবং ক্ষতিগ্রস্ত আবরণ খাবারের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই এমন প্যান বদলে নতুনটি কিনুন। চাইলে স্টিল, কাস্ট আয়রন বা ট্রাই-প্লাই বাসনও ব্যবহার করতে পারেন।


একথা ঠিক নয় যে এই জিনিসগুলি ব্যবহার করলেই অসুস্থ হয়ে পড়বেন। মূল কথা হল,  এগুলি পরিষ্কার রাখা, সঠিকভাবে ব্যবহার করা এবং সময়মতো বদলে ফেলা। এই ছোট ছোট অভ্যাসই আপনার রান্নাঘরকে আরও নিরাপদ রাখবে এবং পরিবারের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে।