গরমকাল মানেই আমের মরশুম। পাকা আম তো আছেই, সঙ্গে আমের চাটনি, টক ডাল, ইত্যাদি তো অনেক হয়। এবার কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন মাছের এই লোভনীয় পদ। 

কাতলা মাছ দিয়েও নানা রকমের পথ খেয়েছেন, সে পাতলা ঝোল থেকে শুরু করে কালিয়া, দই কাতলা, ইত্যাদি। এবার বানিয়ে ফেলুন আম কাসুন্দি কাতলা ভাপা। কী নাম শুনেই জিভে জল এল? তাহলে ঝটপট জেনে নিন এই সহজ রেসিপি। 

আম কাসুন্দি কাতলা ভাপা বানানোর জন্য কী কী লাগবে সেটা আগে জেনে নিন। কাঁচা আম, কাতলা মাছ, চিনি, নুন, হলুদ, তেল, কালো সর্ষে, সাদা সর্ষে, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ব্যাস। এই সহজ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই পদ। 

কাতলা মাছের পেটি হলে ভাল, নইলে অন্য পিস নিতে পারেন। ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ভাল করে ভেজে নিন। এবার একটি মিশ্রণ বানানোর প্রয়োজন। তার জন্য একটা মাঝারি সাইজের কাঁচা আম কেটে টুকরো করে নিন। এবার এটিকে একটি মিক্সিতে নিন। সঙ্গে নিন অল্প করে আদা, রসুন। ঝাল অনুযায়ী ৩-৪ টি কাঁচা লঙ্কা দিয়ে দিন। দিন এক চামচ কালো সর্ষে, এক চামচ সাদা সর্ষে আর অল্প নুন। এবার এটিকে সামান্য জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। 

এবার একটি বড় টিফিন বক্সে এই মিশ্রণ দিন। সঙ্গে মিক্সি ধোয়া জল, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে গুলে নিন। সঙ্গে দিয়ে দিন মাছ ভাজার তেল বা এমনই কাঁচা সর্ষের তেল। আবার ভাল করে মিশিয়ে তাতে ভাজা মাছগুলো দিয়ে, ৩-৪ টি গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিন। এবার গ্যাসে একটি কড়াই বসান। তাতে জল দিন। এবার একটি স্ট্যান্ড রেখে তাতে এই টিফিন বক্স বসিয়ে দিন। খেয়াল রাখবেন এমন পরিমাণ জল দেবেন যাতে সেটা টিফিন বক্সের গা ছোঁয়, কিন্তু সেটা যেন ডুবে না যায়। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে মিনিট ১০-১৫ রাখুন। ব্যাস তাহলেই তৈরি আম কাসুন্দি কাতলা ভাপা। 

টিফিন বক্স ঠান্ডা হলে ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই লোভনীয় পদ।