আজকাল ওয়েবডেস্ক: মিলছে না নিস্তার। এক মামলায় হাজিরার পরের দিনেই, অন্য মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে পৌঁছল সিআইডি। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে, শুক্রবার ওই মামলায় অভিষেক ব্যানার্জির বাড়িতে পৌঁছল সিআইডি।

 

তবে যে সময়ে সিআইডি আধিকারিকেরা পৌঁছন অভিষেকের বাড়িতে, সেই সময় অভিষেক বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মমতা ব্যানার্জির বাড়িতে। সেখানে বৈঠক চলছে বলে জানা গিয়েছে। তবে অভিষেক না আসা পর্যন্ত, তাঁর বাড়ির সামনেই রয়েছেন সিআইডি আধিকারিকেরা।

 

এর আগে, বৃহস্পতিবার, প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার টানা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। সেই জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গাড়ি যায় সোজা দলের সুপ্রিমোর বাড়িতে। সূত্রের খবর, মধ্যরাতেই সেখানে বৈঠক বসেছে। যদিও কী বিষয় নিয়ে আলোচনা, ভবানী ভবনেই বা অভিষেককে টানা সাড়ে পাঁচ ঘণ্টা কী জিজ্ঞাসা করা হয়েছে, কোন কোন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি, তা জানা যায়নি এখনও। তবে সূত্রের খবর, তাঁকে ফের  ১৪ তারিখ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিধানসভায় সই জাল কাণ্ডে বৃহস্পতিবার সিআইডি-র মুখোমুখি হতেই হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। যদিও আগেই এই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানির সময়, সিআইডি সাফ জানিয়ে দেয়, অভিষেককে গ্রেপ্তারির প্রয়োজনীয়তা রয়েছে। আদালত জানিয়েছিল, বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেককে। তবে, একইসঙ্গে তাঁর জন্য তিন সপ্তাহের ‘সুরক্ষাকবচ’ও দিয়েছে আদালত। তারপরেই অন্য মামলায় তদন্ত করছে সিআইডি। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল, তাঁর 'ডিজে বাজানো' মন্তব্যের প্রেক্ষিতে, সেই মামলার তদন্ত করছে সিআইডি।