আজকাল ওয়েবডেস্ক: ভর দুপুরে, ভয়াবহ দুর্ঘটনা। হাহাকার-আর্ত চিৎকার। লোহার বিমের নীচে আটকে বহু মানুষ। কারও হাতে আঘাত, কারও মাথায়। আহতদের উদ্ধার করা হচ্ছে একে একে। আশঙ্কা মৃত্যুর। তারাতলা দুর্ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ প্রশাসনের। 

 

 

তারাতলায় দুর্ঘটনার প্রেক্ষিতে নবান্নতে বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের কন্ট্রোল রুম চালু হয়েছে। নম্বরগুলি হল-

১০৭০
৮৬৯৭৯৮১০৭০
০৩৩ ২১৪৩৫২৬
০৩৩ ২২৫৩৫১৮৫।

 

বুধবার দুপুরে তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান গোডাউনের ছাদ। ব্রেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছের ওই গোডাউনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেখানে নির্মীয়মান গোডাউনের কাজ চলছিল। ঢালাইয়ের কাজের মাঝেই ভেঙে পড়ে ছাদের অংশ।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপস্থিত হয়েছেন বিজেপির রাকেশ সিং, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল। 

 

বিজেপির রাকেশ সিং ঘটনাস্থলে গিয়েই, অন্তত ৫০ থেকে ৬০ জনের ভিতরে আটকে থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। আশঙ্কা প্রকাশ করেছেন শ্রমিকদের মৃত্যু নিয়েও। ওই গুদামের নির্মাণ ব্যবসায়ীকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানান রাকেশ সিং।  

 

মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ঘটনাস্থলে পৌঁছেই সাফ জানান, এই পরিস্থিতিতে মূল লক্ষ্য, উদ্ধারকার্য। ঘটনাস্থলে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। আনা হয়েছে গ্যাস কাটার, ক্রেন। লোহার বিম কেটে চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স। উদ্ধার করা হচ্ছে যাঁদের, তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী হাসপাতালে। মোট আটজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে।