রিয়া পাত্র
তাঁকে নিয়ে কানাঘুষো কম হয়নি। সিপিএম থেকে কবে বিজেপিতে যোগ দেবেন তিনি, তা নিয়েও বারবার গুঞ্জন উঠেছে। কিন্তু সেই জল্পনা বাস্তবের রূপ পায়নি। এবার ফের বিজেপি 'ঘনিষ্ঠতার' দাবিতে শোরগোল ফেলে দিলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য। এর আগে দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল তন্ময়কে। এবার আর মঞ্চ ভাগ নয়, সরাসরি বিজেপি রাজ্য় দপ্তরেই পৌঁছে গেলেন তিনি। শুধু পৌঁছে যাওয়াই নয়, বিজেপির দুই নেতা নীলাদ্রী শেখর দানা ও দেবজিৎ সরকারকে জড়িয়ে ধরে ছবি তুলতেও দেখা গিয়েছে তন্ময়কে। সোশ্যাল মিডিয়ায় তা একপ্রকার ভাইরাল। জল্পনা, এবার কি তবে তিনিও পদ্মবনে?
প্রশ্ন শুনেই তন্ময় ভট্টাচার্য আজকাল ডট ইন-কে বলেন, 'দলবদল করার মতো কোনও প্রয়োজন পড়েনি। আমাদের বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, ২০২৬-এর ভোটের আগে। সেটার বিষয়ে কথা বলতেই গিয়েছিলাম শমীক ভট্টাচার্যের সঙ্গে। ওঁর সঙ্গে আমার তিন দশকের বেশি সময়ের বন্ধুত্ব। আমরা বিপরীত মতাদর্শের রাজনীতি করেও, তা বজায় রেখেছি।'
সঙ্গেই তাঁর সংযোজন, 'আমার দলের অনেক সহকর্মীও ট্রোল করছেন আমার ছবি নিয়ে। তাঁরা মার্ক্স পড়েননি। আমি অতীতেও বারবার বলেছি, আবার বলছি, আমার পিঠে আমার যে কোনও স্ট্যাম্প লাগান, অসৎ, বিশ্বাসঘাতক লাগালে, নিজেরাই ঠকে যাবেন নিজেদের কাছে।'
রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ বলছেন, 'তিনি দলীয় কার্যালয়ে এসেছিলেন। কথা হল।' তবে তিনি এটিকে 'সৌজন্যমূলক সাক্ষাৎকার'-এর বেশি কিছু বলতে চাননি।
অন্যদিকে নীলাদ্রী শেখর দানা বলছেন, 'বিভিন্ন সময়ে নানা জায়গায় দেখা হয়েছে, মিডিয়া প্যানেলে দেখা হয়েছে। দীর্ঘদিনের পরিচয় আমাদের। রাজনীতি-মতাদর্শ আলাদা হলেও, পরিচয় তো রয়েছে। পার্টি অফিসের বাইরে দেখা। জড়িয়ে ধরলেন। এটা তো সৌজন্য। সরিয়ে দিতে পারি না তো।'
তন্ময় কি এবার বিজেপিতে? প্রশ্ন শুনেই নীলাদ্রি বলছেন, 'এসব নেতৃত্বের ব্যাপার। আমি সৌজন্য বুঝি।'















