আজকাল ওয়েবডেস্ক: প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোলেন কুণাল ঘোষ। সিআইডি দপ্তর থেকে বেরিয়ে তিনি সোজা রওনা দেন কালীঘাটে মমতার বাড়ির উদ্দেশ্যে এমনটাই জানা যাচ্ছে।

তবে দুপুর ১২টার আগে ঢুকলেও এখন সিআইডি দপ্তরেই রয়েছেন অভিষেক ব্যানার্জি। এদিন বেরোনোর আগে কুণাল জানান, তাঁকে এবং অভিষেক ব্যানার্জিকে মুখোমুখি বসিয়ে জেরা করেছেন সিআইডি আধিকারিকরা।

তিনি বলেন, 'প্রথম থেকে তদন্তে সহযোগিতা করেছি। আজও সহযোগিতা করেছি। আমাকে এবং অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।' তিনি আরও জানান, কালীঘাটে গিয়ে বাকি কথা বলবেন তিনি।

বেলেঘাটার তৃণমূল বিধায়ক সিআইডির জেরায় কী বলেছেন সেই প্রসঙ্গে জানান, বিধানসভায় তাঁর সই তিনি নিজেই করেছেন। কোন কোন বিধায়ক অনুপস্থিত ছিল তিনি বলতে পারবেন না। কুণাল বলেন, 'আমি নিজের সই নিজেই করেছি। রেজিউলেশন বুক সম্পর্কে আমি কিছু জানি না।'

তিনি জানান, অভিষেক ব্যানার্জির মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তিনি একই তথ্য জানিয়েছেন সিআইডি আধিকারিকদের। তিনি বলেন, 'বিরোধী দলনেতা ঠিক করার ক্ষেত্রে দলীয় নির্দেশ মেনে নিজের সই নিজেই করেছি। তদন্তে আমি আগেও সহযোগিতা করেছি এখনও সহযোগিতা করব।'

প্রসঙ্গত, বিধানসভায় সই জাল কাণ্ডে এবার কড়া পদক্ষেপ তদন্তকারী সংস্থা সিআইডির। রবিবার ভবানী ভবনে ডেকে পাঠানো হয় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে।

এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ ভবানী ভবনে পৌঁছন কুণাল। অন্যদিকে, এদিন তলব করা হয়েছিল অভিষেক ব্যানার্জিকে। রবিবার বেলা ১২টায় তাঁকে ভবানীভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সময়ের আগেভাগেই তিনি হাজিরা দিলেন এদিন। দুপুরের দিকে কুণাল পৌঁছতেই প্রশ্ন উঠেছিল তবে কি দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি?