আজকাল ওয়েবডেস্ক: মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১ মে কলকাতা মেট্রোর সূচিতে বড় পরিবর্তন। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে এক নির্দেশিকা মারফত জানানো হয়েছে, শুক্রবার বিভিন্ন লাইনে ট্রেনের সংখ্যা কমানো হলেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।
মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে মোট ২৪৪টি ট্রেন চালানো হবে যার মধ্যে ১২২টি আপ ও ১২২টি ডাউন। অন্যান্য দিনে সাধারণত ২৭২টি পরিষেবা চালানো হয়।
গ্রিন লাইনে মোট ২০৪টি ট্রেন চলবে। এর মধ্যে ১০২টি আপ ও ১০২টি ডাউন। স্বাভাবিক দিনে মোট ২২৮টি মেট্রো চলে গ্রিন লাইনে। ইয়েলো লাইনে মোট ৯২টি ট্রেন চালানো হবে যার মধ্যে ৪৬টি আপ ও ৪৬টি ডাউন।
অন্যান্য দিনে মোট ১২০টি মেট্রো চলে ইয়েলো লাইনে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে শুক্রবার অন্যান্য দিনের মতোই সমান সংখ্যক ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সংশোধিত পরিষেবা সূচি ঘোষণা করা হয়েছে।















