আজকাল ওয়েবডেস্ক: মহিলা কামরা থাকা সত্ত্বেও জেনারেল কামরার অর্ধেক কেন মহিলাদের জন্য বরাদ্দ করা হল, সেই প্রতিবাদে মঙ্গলবার শিয়ালদহের বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় দফায় দফায় ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা। এর ফলে ওই শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনার নিন্দা করেছে পূর্ব রেল। তাদের দাবি, এই অবরোধের নেপথ্যে কোনও অকাট্য যুক্তি ছিল না।
একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়েছে, লোকাল ট্রেনের বর্ধিত ধারণক্ষমতার খুব সামান্য অংশই মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। শহরের উপকণ্ঠে মোট যাত্রীদের মধ্যে মহিলা যাত্রী সংখ্যা প্রায় ২৫ শতাংশ। অনেক দিন ধরেই মহিলা যাত্রীরা কামরা বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন। মহিলাদের জন্য বরাদ্দ কোচের সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৩ করার পর, পুরুষ যাত্রীদের ঘাটতি পূরণ করতে এবং মহিলাদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য এই বিভাগ-সহ দক্ষিণের অন্যান্য শাখায় দুই জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হয়েছিল।
রেল জানিয়েছে, পরিচালন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিয়ালদহ দক্ষিণ শাখায় ইতিমধ্যে সোনারপুর-ক্যানিং শাখা, বারুইপুর-ডায়মন্ড হারবার শাখা, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখা এবং মাইল ৫–বজবজ শাখায় উন্নত অটো-সিগনালিংয়ের কাজ চলছে। এছাড়াও ডায়মন্ড হারবার এবং ক্যানিংয়ে স্টেবলিং ইয়ার্ড তৈরি কাজ চলছে। এই সব কাজ সম্পন্ন হয়ে গেলে ব্যস্ত সময় এই সব শাখায় আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে। এত সীমাবদ্ধতা সত্ত্বেও বেশি সংখ্যক ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে। তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য।
রেলের অভিযোগ, হোটরে সকাল ০৮:২০ থেকে ১০:০১ পর্যন্ত, দক্ষিণ দুর্গাপুরে সকাল ১০:০৮ থেকে ১০:২২ পর্যন্ত এবং কল্যাণপুরে সকাল ১০:৩০ থেকে ১০:৫২ পর্যন্ত অবরোধের কারণে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। এর ফলে, প্রায় ১২টি লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে।
এই ঘটনার নিন্দা করে তাদের বিবৃতিতে রেল জানিয়েছে, শিয়ালদহ বিভাগ প্রতিদিন প্রায় ২০ লক্ষ রেলযাত্রীকে পরিষেবা দেয়। এই ধরনের অবরোধ নিত্যযাত্রীদের দুর্ভোগের সৃষ্টি করে। রেলের সময়ানুবর্তিতা বিঘ্নিত হয়। পূর্ব রেল এই কার্যকলাপের তীব্র নিন্দা জানায়। রেলের তরফে সতর্ক করা হয়েছে যে, আন্দোলন বা প্রতিবাদের নামে রেল অবরোধ করা দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অথবা ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখার শহরতলির লোকাল ট্রেনের সামনে এবং পিছনে মহিলা যাত্রীদের জন্য দেড় খানা করে মোট তিন খানা কামরা বরাদ্দ রয়েছে। ওই শাখায় ভিড় হওয়ার কারণে পুরুষ যাত্রীদের একাংশ এদিন মহিলা যাত্রীদের জন্য বরাদ্দ দু’পাশের আধ খানা কামরাকে সাধারণ কামরা হিসেবে ঘোষণা করার দাবি জানান। অবরোধকারীদের দাবি, রেলের এই সিদ্ধান্তের ফলে পুরুষ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অফিসের ব্যস্ত সময়ে ভিড় হওয়ায় অনেককেই বাধ্য হয়ে মহিলা কামরায় উঠে পড়তে হচ্ছে। সেই সময় রেলের টিকিট পরীক্ষকদের হাতে ভর্ৎসনার শিকার হতে হয়। এমনকি জরিমানাও করা হয়। ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর দাবিতে ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা।















