আজকাল ওয়েবডেস্ক: শহরে বিপজ্জনক পুরনো বাড়ি নিয়ে উদ্বেগের মধ্যেই জোড়াসাঁকো থানা এলাকায় একটি বাড়ির অংশ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
শুক্রবার ঘটনাটি ঘটেছে ১০৪ নম্বর মদনমোহন বর্মন স্ট্রিটে অবস্থিত একটি বহু পুরনো বাড়িতে। কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভা শহরের প্রায় ১৬০০টি বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়ি চিহ্নিত করে ভাঙার পরিকল্পনা নিয়েছে।
এরই মধ্যে জোড়াসাঁকোর ওই বাড়িতে সিঁড়ি মেরামতের কাজ চলাকালীন হঠাৎই সিঁড়ির একটি অংশসহ বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাড়ির মালিক মেরামতের কাজ শুরু করেছিলেন।
সেই সময়েই আচমকা বাড়ির একটি বড় অংশ ধসে পড়ে। ঘটনায় বাড়ির বেশ কয়েকজন বাসিন্দা ভিতরে আটকে পড়েন, ফলে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, বহুদিন আগেই কলকাতা পুরসভা ওই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে সতর্কীকরণ নোটিশ ঝুলিয়ে দিয়েছিল। ধসের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর মিললেও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঘটনার পর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় জোড়াসাঁকো থানার পুলিশ, কলকাতা পুরসভার কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা। যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
