তীর্থঙ্কর দাস: সাম্প্রতিক কালে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তারমধ্যে অন্যতম। সে বিষয়ে রাশ টানতে নয়া উদ্যোগ লালবাজারের। এখন থেকে থানার বড়বাবুরা ফোনে দেখতে পাবেন কী ঘটছে থানার ভিতরে।

 

 কলকাতা পুলিশের আওতায় প্রতিটি থানায় বসানো রয়েছে ২০ থেকে ২৫ টি সিসিটিভি ক্যামেরা। লালবাজার সুত্রে খবর, থানার বড় বাবুদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেওয়া হয়েছে যা সেই সিসিটিভি ক্যামেরার সঙ্গে সরাসরি যোগ করা। ফলে থানায় কোনও সমস্যা হলে তার সমাধানে চটজলদি নির্দেশ দিতে পারবেন থানার বড়বাবুরা।

 

 ২০ থেকে ২৫ টি সিসিটিভি ক্যামেরার ছবি ডিভিশন অফিস এবং থানা থেকে দেখা যায় এবং কিছু ক্ষেত্রে লালবাজার থেকেও থানার ছবি দেখতে পাওয়া যায়। এ বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আজকাল ডট ইনকে জানিয়েছেন, 'কলকাতা পুলিশ যখন কোনও উদ্যোগ নেয় তা নিশ্চয়ই খুব ভেবেচিন্তে নেয়। কিন্তু এর আগেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে যা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে আশা করা যায় এই উদ্যোগ সাফল্য পাবে।' তবে তিনি প্রশ্ন করেছেন, 'থানার ভিতরে কী হচ্ছে তা বড়বাবুরা যেমন দেখতে পাবেন, থানার বাইরে তাঁর সহকর্মীরা কী করছেন তা কি তিনি দেখতে পাবেন? সে বিষয়টাও লালবাজারের দেখা উচিত।' এক পুলিশ কর্তা জানিয়েছেন, তিনি এই সমস্ত বিষয়ে জানেন এবং কিছুদিনের মধ্যে তাঁর থানাতেও এই প্রকল্প চালু হয়ে যাবে। তিনি আরও বলেন, 'থানার বড় বাবুদের পক্ষে সব সময় সম্ভব হয় না কী ঘটছে তা খোঁজ রাখা কিন্তু এই নয়া উদ্যোগের ফলে অফ ডিউটিতে থাকাকালীন আমাদের পক্ষে সুবিধা হবে ঠিক কী ঘটছে সেদিকে নজরদারি চালানো।'