আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে শহর কলকাতায় যুবকের রহস্যমৃত্যু। বেহালার সরশুনা এলাকায় বাড়ির সামনে থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে ছড়িয়েছে চাঞ্চল্য।
মৃতের নাম ভোলানাথ বিশ্বাস বলে জানা গেছে। এই রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দারাও।
পুলিশ সূত্রে খবর, ভোলানাথ বিশ্বাস (৩৯) বেহালার সরশুনা এলাকার বাসিন্দা। সরশুনা থানার বাগপোতা রোডের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন তিনি। শুক্রবার রাত ১১টা নাগাদ স্থানীয়রা তাঁকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই দৃশ্য দেখে স্থানীয়রাই খবর দেন থানায়।
এরপরই সরশুনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। জানা গিয়েছে, ওই যুবকের ঘাড়ে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। লালবাজারের গোয়েন্দারা রাতেই ঘটনাস্থলে যান। পুলিশ কুকুর নিয়ে এলাকায় তদন্ত চালানো হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় একাধিক প্রশ্ন পুলিশের মাথায় ঘুরছে। ওই যুবকের কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা। কীভাবে এই হত্যাকাণ্ড। সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।















