আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকাই দাউদাউ করে আগুন জ্বলে উঠল চলন্ত গাড়িতে। অল্পের জন্য রক্ষা পেল দশজন স্কুলছাত্রী। রক্ষা পেয়েছেন গাড়ির চালকও। ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেক্টর ফাইভ এলাকায়।
মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি স্কুলে ছুটির পর ছাত্রীরা পুলকারে করে সল্টলেক থেকে নিকোপার্ক হয়ে নিউটাউন যাচ্ছিল। সেই সময় সেক্টর ফাইভে নিউ ব্রিজ টু-এর কাছে চলন্ত পুলকারে আগুন লেগে যায়। গাড়িতে ধোঁয়া দেখতে পেয়েই চালক গাড়িটিকে একপাশে রেখেই নেমে পড়েন।
গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেই ছুটে আসেন বিধাননগর ট্রাফিক পুলিশের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। তড়িঘড়ি করে ছাত্রীদের গাড়ি থেকে নামান তাঁরা। মুহূর্তের মধ্যে গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
প্রথমে সিভিক ভলেন্টিয়াররা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তড়িঘড়ি ছাত্রীদের পুলকার থেকে না নামানো হলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত বলে দাবি সিভিক ভলেন্টিয়ারের।
















