আজকাল ওয়েবডেস্ক: মমতার সবথেকে আস্থাভাজন সাংসদ বলেই পরিচিত। দলের বিপর্যয়ের পরেও মমতার বাড়ি থেকে ধর্মতলা, সবসময় দলনেত্রীর সঙ্গে থেকেছেন। তবে এবার তিনিও চটলেন! কারণ আবার সেই অভিষেক ব্যানার্জিই।
বৃহস্পতিবার সামনে এসেছে তৃণমূল সাংসদ, মমতা আস্থাভাজন বর্ষীয়ান নেতা কল্যাণ ব্যানার্জির একটি মন্তব্য। প্রাথমিকভাবে জানা যায়, কল্যাণ ব্যানার্জি সরে দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জির মামলা থেকে। সেই প্রসঙ্গেই কল্যাণ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ঔদ্ধত্যের কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন।
সংবাদ মাধ্যমে কল্যাণ জানান, তাঁরই কথা ছিল অভিষেকের মামলা লড়া। কিন্তু সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। কারণ হিসেবে কল্যাণ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গতকাল রাতে জানানো হয়, অন্য এক আইনজীবী ওই মামলা লড়বেন। তার পরেই ক্ষুব্ধ কল্যাণ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তথ্য।
অন্যদিকে, বিধায়কদের সই জাল মামলায় আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে। সন্ধে ৬ টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেককে। একইসঙ্গে তাঁর জন্য তিন সপ্তাহের ‘সুরক্ষাকবচ’ও জারি করেছে আদালত। সই জাল কাণ্ডের তদন্তে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ওপর। সিআইডির তলব সত্ত্বেও টানা তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। তৃতীয়বার দিল্লিতে থাকার কারণ দর্শিয়ে সময় চেয়েছেন। অভিষেকের ওপর নজরদারি বাড়াতে সরাসরি এয়ারপোর্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিল সিআইডি।
বৃহস্পতিবার মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক ব্যানার্জিকে। সেই কারণেই তাঁকে নির্দিষ্ট সময়ে তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও স্পষ্ট করেছে আদালত।















