কৌশিক রায়: "আজকাল প্রকাশন থেকে এটা আমার প্রথম বই, সত্যম রায়চৌধুরী, মৌ রায়চৌধুরীকে অনেক ধন্যবাদ।" বুধবার বইমেলায় আজকাল প্যাভিলিয়নে এসে এমনটাই জানালেন শ্রীজাত। স্টল দেখে রীতিমত অভিভূত তিনি। চলতি বছর আজকাল প্রকাশনী থেকে মুক্তি পেয়েছে শ্রীজাতর "হিয়া টুপটাপ জিয়া নষ্টাল"-এর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি মুক্তি পেয়েছে বছর দুয়েক আগে। বইমেলার স্মৃতিচারণ করতে গিয়ে শ্রীজাত জানান, "প্রচুর অভিজ্ঞতা রয়েছে। মনে পড়ে, বাবার সঙ্গে একবার ময়দানের বইমেলায় গিয়ে হারিয়ে গিয়েছিলাম। মাইকে ঘোষণা করে তারপর খুঁজে পেয়েছিলাম বাবাকে। তবে এখন তো প্রত্যেক বছর আসি। পাঠকদের সঙ্গে দেখা হয়।" নতুন বই সম্পর্কে শ্রীজাত বলেন, "এটা আমার একটা সিরিজ। নিজের ছোটবেলার বহু কাহিনী রয়েছে। যেগুলো আমি ভুলতে পারি না, সেগুলোকে মনে রাখার উপায় হিসেবে এই বইগুলোই আমার অস্ত্র।" প্রিয় লেখককে দেখতে ভিড় জমে রায় স্টলে। সই আর সেলফি নিতে তাঁকে ঘিরে ধরেন ভক্তরা।
SRIJATO: বাবার সঙ্গে বইমেলায় গিয়ে হারিয়ে গিয়েছিলাম, আজকাল-এ বসে স্মৃতিতে ডুব শ্রীজাতর
















