আজকাল ওয়েবডেস্ক: হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে আটকে রাখছে রোগীকে। সেই অভিযোগ ঘিরেই এবার উত্তাল মহেশ তলার বেসরকারি নার্সিংহোম। রোগীর পরিবার এবং হাসপাতাল, দুপক্ষের বাদানুবাদ। অভিযোগ, রোগীর পরিবার ভাঙচুর চালিয়েছে হাসপাতালে, অন্যদিকে তাঁদের পাল্টা অভিযোগ, মারধর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কী ঘটেছে? জানা গিয়েছে, রবীন্দ্র নগর হাউজিং পাড়ার বাসিন্দা আবেদা বিবি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ২রা নভেম্বর ভর্তি হয়েছিলেন মহেশতলার কস্তুরি দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি নামক বেসরকারি ওই নার্সিংহোমে। রোগীর পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তবে হাসপাতাল কিডনির সমস্যা কথা জানায়। অপারেশন হয়। তাঁরা রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাইলে হাসপাতাল রাজি হয়নি। রবিবার রোগী ডিসচার্জ কেন্দ্র করে শুরু হয় বচসা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল যথাসাধ্যও চেষ্টা করেছে, চিকিৎসা হয়েছে। রোগীর পরিবারকে জানানো হয়েছে তাঁর অবস্থা সম্পর্কে। তাঁকে রেফার করা হয়েছে। রোগীর পরিবার এখনও তাঁকে নিয়ে যায়নি। অভিযোগ, হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর পরিবার। রবিবার রোগীর পরিবার এবং হাসপাতাল, দু পক্ষের তুমুল বচসা শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
রোগীকে জোর করে আটকে রাখার অভিযোগ, মহেশতলার বেসরকারি নার্সিংহোমে উত্তেজনা
















