আজকাল ওয়েবডেস্ক: বিধানসভায় সই জাল কাণ্ডে এবার কড়া পদক্ষেপ তদন্তকারী সংস্থা সিআইডির। রবিবার ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে।
এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ ভবানী ভবনে পৌঁছন কুণাল। অন্যদিকে, এদিন তলব করা হয়েছিল অভিষেক ব্যানার্জিকে। রবিবার বেলা ১২টায় তাঁকে ভবানীভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সময়ের আগেভাগেই তিনি হাজিরা দিলেন এদিন। দুপুরের দিকে কুণাল পৌঁছতেই প্রশ্ন উঠছে তবে কি দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি?
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মুখোমুখি বসিয়ে হয়তো এখনই জিজ্ঞাসাবাদ করা হবে না। সিআইডি সূত্র মারফত জানা যাচ্ছে, ডিআইজি পদমর্যাদার যে পাঁচজন অফিসার রয়েছেন তাঁরা দুটি ভাগে ভাগ হয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে আজ ফের অভিষেক ব্যানার্জিকে তলব করেছে সিআইডি। বেশ কয়েকবার হাজিরা এড়ালেও, গত বৃহস্পতিবার কোর্টের নির্দেশে ভবানীভবনে যান তৃণমূল নেতা।
আজ দুপুর ১২ টায় ফের তলব করা হয়েছিল তাঁকে। যে সমস্ত প্রশ্নের উত্তর এখনও অধরা, তাই নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই সিআইডি সূত্রে খবর। এই ঘটনায় যে যে বিধায়কদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান নেওয়া হয়েছিল, সেই বয়ান অনুসারে জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে।
গত ৬ মে মিটিংয়ে রেজিলিউশন বুক নিয়ে একাধিক প্রশ্নের অসংগতি ছিল। সেই সমস্ত নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। সেই রেজিলিউশন বুক কোথায় আছে, সেটা নিয়েও জানতে চাওয়া হবে এমনটাই সূত্রের খবর।
এমনকী বিধায়কদের কথা বলা হলেও, সকলেই উপস্থিত ছিলেন না, তাহলে অনুপস্থিত বিধায়কদের সই কোথা থেকে এল, কারা করল? সই করার আগে কি বৈঠকে বসেছিলেন?
যদি বৈঠকে তাঁরা বসে থাকেন, তাহলে কি আলোচনা হয়েছিল? এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তরের খোঁজেই আজ তাঁকে সিআইডি তলব এমনটাই সূত্রের খবর।
পাশাপাশি ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে যে সিট গঠন করা হয়েছিল, তাঁরা অভিষেক ব্যানার্জিকে আজ জিজ্ঞাসাবাদ করবে এবং তাঁর বয়ান ভিডিওগ্রাফি করা হবে।















