আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর (DoIT&E)-এর ডিজিটাল পরিবহণ প্ল্যাটফর্ম ‘যাত্রী সাথী’-র সঙ্গে ‘সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড’ (ভারত ট্যাক্সি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

 

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই চুক্তির মাধ্যমে ‘যাত্রী সাথী’ এবং ‘ভারত ট্যাক্সি’-র পরিষেবার মধ্যে সমন্বয় গড়ে তোলা হবে। কো-ব্র্যান্ডিং, প্ল্যাটফর্ম ইন্টারঅপারেবিলিটি এবং উভয় প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার একত্রিত করে যাত্রীদের আরও সহজ, দ্রুত ও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

 

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল চালকদের কল্যাণে বিশেষ উদ্যোগ। ‘যাত্রী সাথী’র সঙ্গে যুক্ত চালকদের কো-অপারেটিভ সদস্যপদ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক প্রকল্পের সুবিধার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

 

এছাড়া রাজ্যজুড়ে পরিষেবার পরিধি বাড়াতে ধাপে ধাপে বাইক ট্যাক্সি ও অটো-রিকশা পরিষেবাকেও এই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে একক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের গণপরিবহন পরিষেবা পাওয়া আরও সহজ হবে বলে মনে করছে প্রশাসন।

 

রাজ্য সরকারের বক্তব্য, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আরও দক্ষ, নির্ভরযোগ্য এবং সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।