আজকাল ওয়েবডেস্ক: ব্রিগেডে মোদির সভাকে ঘিরে উত্তপ্ত গিরীশ পার্ক। তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউ। মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

মন্ত্রী শশী পাঁজা বলেন, 'বিজেপি গুন্ডারা বাসে ইট, কাচের বোতল, বোম নিয়ে ব্রিগেডে যাচ্ছে। আমার গিরীশ পার্কের বাড়িতে হামলা চালিয়েছে। বহিরাগতরা এই হামলা চালিয়েছে।'

মন্ত্রী শশী পাঁজার দাবি, 'আমি আহত হয়েছি। গুন্ডাদের নিয়ে সভা করছে বিজেপি।' ব্রিগেডে বিজেপির পরিবর্তন সংকল্প সভার মধ্যেই ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরীশ পার্কে।

বিজেপি কর্মীদের বিরুদ্ধে মন্ত্রীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ এনেছে বিজেপি। জানা যায়, প্রধানমন্ত্রী রেসকোর্স হেলিপ্যাডে নামার কিছুক্ষণ আগেই গিরীশ পার্কে ব্যাপক সংঘর্ষ বাধে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে।

অভিযোগ, যে বাসে করে বিজেপি কর্মীরা ব্রিগেডে যাচ্ছিলেন সেই বাসে ভাঙচুর চালানো হয়। এমনকী, হামলার হাত থেকে রক্ষা পায়নি পুলিশও। আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বউবাজার থানার ওসি।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড়ে পাথরবৃষ্টি, ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামলাতে ব়্যাফ নামানো হয়েছে ঘটনাস্থলে। পাল্টা বিজেপি অভিযোগ এনেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরাদের তরফে ইট ছোঁড়া হয় বাসে। অভিযোগ, পুলিশ গোটা ঘটনাটা দেখেও কিছু বলেনি। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল।

মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, তাঁর বাড়ির ভিতরে হামলা চালানো হয়েছে, এমনকী গলির ভিতরেও হামলা চালানো হয়েছে। সমস্ত ছবি, ভিডিও রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর করা হবে।

পাঁচ বছর পর ব্রিগেডে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষবার সভা করেছিলেন ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের আগে। এবার নির্বাচনের আগেই ব্রিগেডে সভা। 

আজ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অঙ্কের হিসেবে প্রায় ১৮,৬৮০ কোটি টাকা। প্রায় আড়াই হাজার কোটি ব্যয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬ লেন রাস্তা। দৈর্ঘ্য ৬৮ কিমি। ১১৪ নম্বর জাতীয় সড়কে ভেদিয়াতে ৪ লেনের আরওবি এবং সংযোগকারী রাস্তা নির্মাণ। খরচ ১৯৫ কোটি।

৩২৩৩ কোটি টাকা ব্যয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের বারওয়া আড্ডা থেকে পানাগড় পর্যন্ত ৬ লেন রাস্তা। যার দৈর্ঘ্য ১১৫ কিমি। হলদিয়া ডক কমপ্লেক্স বার্থ নম্বর ২-এর আধুনিকিকরণ। খরচ ২৯৮ কোটি। ইছামতী নদীর উপরে স্বরূপনগর ব্রিজ। প্রকল্পের খরচ ১৬ কোটি টাকা।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৬টি স্টেশনের সৌন্দর্যায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। স্টেশনগুলি হল, আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি, কামাখ্যাগুড়ি। পাশাপাশি পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি) এক্সপ্রেসের সূচনা করলেন তিনি।

এছাড়াও বেলদা ও দাঁতনের মধ্যে ১৬ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেল লাইন এবং কলাইকুন্ডা ও কানিমোহুলির মধ্যে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থার উদ্বোধন করলেন মোদি।