আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৮ জানুয়ারি রাতে তিনি কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে শাহ-র এই বঙ্গসফর দলকে চাঙ্গা করতেই বলে মনে করা হচ্ছে।
সূত্র অনুযায়ী জানা যায়, ২৮য়ে রাতে কলকাতায় পৌঁছনোর পর পরের দিন ২৯ জানুয়ারি মেচেদায় একটি দলীয় কর্মীসভায় যোগ দেবেন তিনি। ফিরে সায়েন্স সিটিতে করবেন আরেকটি কর্মীসভা। পরপর এই দুটি কর্মীসভায় দলীয় কর্মীদের চাঙা করতে কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলেরই। এরপর হোটেলে রাজ্য নেতাদের সঙ্গে তাঁর বৈঠক। ওইদিন রাতেই তিনি ফিরে যাবেন বলে জানা গিয়েছে।
লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই শাহ এরাজ্য থেকে ৩৫টি আসন পাওয়ার লক্ষ্যে নেতা-কর্মীদের ঝাঁপাতে বলেছেন। কিন্তু জেলায় জেলায় বিজেপির যা দ্বন্দ লক্ষ্য করা যাচ্ছে তাতে এই লক্ষ্যে কতটা বঙ্গ বিজেপি পৌঁছতে পারবে সেই নিয়ে উঠেছে প্রশ্ন। এর আগে শাহ এরাজ্যে এসেছিলেন গত ২৬ ডিসেম্বর। সংগঠনের বিস্তার ঘটাতে দলীয় নেতাদের দিয়েছিলেন কড়া বার্তা। এবার তিনি কী বার্তা দেন সেইদিকে তাকিয়ে বঙ্গ বিজেপি শিবির।