আজকাল ওয়েবডেস্ক: পূর্বেই নোটিস জারি করেছিল অভিষেক ব্যানার্জির হরিশ মুখার্জি স্ট্রিট (188A)-এর বাড়ি শান্তিনিকেতন বেআইনি নির্মাণের অভিযোগে। জানিয়ে দেওয়া হয়েছিল, সাত দিনের মধ্যে তথ্য প্রমাণ ও কারণ দর্শাতে না পারলে ভেঙে দেওয়া হবে বাড়ির বেআইনি অংশ। এবার কলকাতা পুরসভা থেকে কালীঘাটের বাড়ির বেআইনি নির্মিত অংশ মেপে দেখতে এল পুরসভার দল। প্রায় ৩০ মিনিট সময় নিয়ে পুরো জায়গাটি মাপজোক করে কলকাতা পুরসভার টিম। 

যখন অভিষেককে রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, ঠিক সেই সময়ই তাঁর কালীঘাটের বাড়ি বেআইনি নির্মাণের তথ্য খতিয়ে দেখতে ও মাপজোক করতে আসে কলকাতা পুরসভার টিম। প্রসঙ্গত, এদিনের এই কলকাতা পুরসভার টিমে প্রায় পাঁচ জন সদস্য ছিলেন। যার মধ্যে ছিলেন ইঞ্জিনিয়াররা। যারা এই মূল জরিপের কাজ সম্পন্ন করেন। 

অভিষেকের বাড়ির মূলত সামনের গেটের আয়তন, উচ্চতা এবং কত পরিমাণ জায়গা নিয়ে তা নির্মিত, বাড়ির কতটা অংশ বাইরের দিকে রয়েছে এবং একই সঙ্গে বাড়ির বাইরের অংশে যে একটি সেলুন রয়েছে সেটি পর্যন্ত মাপজোক করে কলকাতা কর্পোরেশনের এই বিশেষ টিম। প্রায় ৩০ মিনিট সময় ধরে পুরো জায়গাটি মাপজোক করে তারা বেরিয়ে যান। তবে কলকাতা পুরসভার তরফে এখনও অভিষেক ব্যানার্জীর পরিবারের হাতে নোটিস দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। সম্পূর্ণ মাপজোকের কাজ সম্পন্ন করে প্রয়োজনে নোটিশ জারি করা হবে বলেই পুরসভা সূত্রে খবর। 

একমাস আগেই অভিষেকের শান্তিনিকেতন বাড়িতে বেআইনি নির্মাণের কারণে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সঠিক তথ্য এবং কারণ দর্শাতে না পারলে বেআইনি অংশ ভেঙে দেওয়া হবে বলেই জানিয়েছিল কলকাতা কর্পোরেশন। এবার অভিষেকের কালীঘাটের বাড়িতেও কলকাতা কর্পোরেশনের বিশেষ দল পৌঁছে গিয়ে মাপজোক করা বেআইনি নির্মাণের কারণে। তবে কি শান্তিনিকেতনের পাশাপাশি অভিষেকের কালীঘাটের বাড়িও বেআইনি নির্মাণের কারণে ভাঙা পড়তে পারে? এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মধ্যে।