আজকাল ওয়েবডেস্ক: দুটো আইসিসি বিশ্বকাপ, একদিনের ক্রিকেটে এবং টি-২০, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্টে একনম্বর। প্রায় সবকিছুই আছে বিরাট কোহলির ক্যাবিনেটে। একমাত্র অনুপস্থিত আইপিএল। এর আগে তিনবার তীরে গিয়ে তরী ডুবেছে। ফাইনাল হার্ডল পার করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার নিজের ক্যাবিনেটে বহু প্রতীক্ষিত ট্রফি সুসজ্জিত করে রাখার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। এটাই তাঁর সেরা সুযোগ। এবার চ্যাম্পিয়নদের মতো খেলেছে আরসিবি। জিতলে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হবে বেঙ্গালুরু।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও দীর্ঘদিন ধরে আরসিবির চালনা শক্তি কোহলি। আইপিএলের প্রথম বছর বেঙ্গালুরুতে যোগ দেন। সেই থেকে টানা ১৮ বছর একই দলে কাটিয়ে দিলেন বিরাট। কিন্তু আইপিএল জেতেননি। বর্তমানে আর্মব্যান্ড ছাড়া অধিনায়ক তিনি। অনেকেই আশা করছে, এবার কোহলির হাতে উঠবে আইপিএল। এই তালিকায় রয়েছে তাঁর প্রাক্তন সতীর্থ এবি ডি'ভিলিয়ার্সও। তিনি বলেন, 'বিরাটকে এবার খুবই ফোকাসড দেখাচ্ছে। তবে কাজ এখনও শেষ হয়নি। আমি নিশ্চিত, ও ভাল খেলবে।' ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন কোহলি। তাঁর অধিনায়কত্বে ২০১৬ সালে রানার্স আপ হয় আরসিবি। সেটাই বেঙ্গালুরুর সেরা পারফরম্যান্স। তবে এবার মঞ্চ তৈরি। আইপিএলের ১৮তম সংস্করণে ১৮ নম্বর জার্সির জয় দেখার অপেক্ষায় বিরাট ভক্তরা।
















