ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের কারণে সেপ্টেম্বর মাসের বেতন, মজুরি ও পেনশন আগেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2
14
কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীরা ২৫ সেপ্টেম্বর, শুক্রবারই সেপ্টেম্বর মাসের বেতন ও পেনশন পেতে পারেন। এই সুবিধার আওতায় থাকছেন প্রতিরক্ষা, ডাক এবং টেলিযোগাযোগ দপ্তরের কর্মীরাও।
3
14
অর্থ মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর ডাকা প্রস্তাবিত তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের কারণে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
4
14
সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিকে ২৫ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের বেতন, মজুরি ও পেনশন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
5
14
শুধু সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নন, কেন্দ্রের অধীন শিল্পক্ষেত্রে কর্মরত কর্মীদের সেপ্টেম্বর মাসের মজুরিও ২৫ সেপ্টেম্বর অগ্রিম দেওয়া যেতে পারে।
6
14
একইভাবে কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের সেপ্টেম্বর মাসের পেনশনও ২৫ সেপ্টেম্বর ব্যাঙ্ক বা সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে দেওয়া যেতে পারে।
7
14
তবে এই অর্থকে অগ্রিম প্রদান হিসেবেই গণ্য করা হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ বেতন, মজুরি বা পেনশনের হিসাব চূড়ান্ত হওয়ার পর প্রয়োজন হলে অতিরিক্ত দেওয়া অর্থের সমন্বয় করা হবে।
8
14
কোনও সমন্বয়ের প্রয়োজন হলে তা অক্টোবর ২০২৬-এর বেতন বা মজুরি থেকে করা হবে। অর্থ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এই সমন্বয়ের ক্ষেত্রে কোনও ব্যতিক্রম থাকবে না।
9
14
ধর্মঘটের সময়টি চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষের সঙ্গে মিলে যাচ্ছে। ফলে সেপ্টেম্বরের শেষ দিকে যে সমস্ত পেমেন্ট বা ব্যাঙ্কিং লেনদেন হওয়ার কথা রয়েছে, সেগুলিও সম্ভব হলে আগেই সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে ধর্মঘটের কারণে সরকারি কর্মী, পেনশনভোগী এবং সাধারণ মানুষের আর্থিক লেনদেনে দীর্ঘস্থায়ী সমস্যা এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
10
14
এদিকে গ্রাহকদের সুবিধার জন্য রবিবার, ২৭ সেপ্টেম্বর দেশের সমস্ত ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি রুরাল ব্যাঙ্কও থাকবে।
11
14
অর্থ মন্ত্রক জানিয়েছে, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের ধর্মঘট এবং তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সপ্তাহান্তের ছুটির কারণে টানা কয়েক দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত।
12
14
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ২৭ সেপ্টেম্বর সমস্ত ব্যাঙ্ক শাখা, অফিস, এটিএম সম্পূর্ণভাবে চালু রাখার অনুমোদন দিয়েছে। ফলে ওই দিন সাধারণ গ্রাহকরা প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করতে পারবেন।
13
14
UFBU-র দাবি, তারা দেশের প্রায় ৯০ শতাংশ ব্যাঙ্ককর্মীর প্রতিনিধিত্ব করে। পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালু করা-সহ একাধিক দাবিতে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
14
14
প্রস্তাবিত ধর্মঘটটি ব্যাঙ্কিং ব্যবস্থার অর্ধবার্ষিক হিসাব বন্ধের সময়ের সঙ্গেও মিলে যাচ্ছে। ফলে পরিষেবা স্বাভাবিক রাখতে কেন্দ্রের এই অগ্রিম বেতন-পেনশন প্রদান এবং রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।