আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসে নয়া নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। সুরেশ রায়নাকে ছাপিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন মাহি। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই নজির গড়েন সিএসকের প্রাক্তন অধিনায়ক। মাত্র ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ২টি ছয়, ৩টি চার। এই ইনিংসেই রায়নাকে ছাপিয়ে যান ধোনি। বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক রান তাঁর। ২০৪ ইনিংসে ধোনির রান ৪৬৯৯। গড় ৪০.৫০। স্ট্রাইক রেট ১৩৯.৪৩। অন্যদিকে ১৭১ ইনিংসে সুরেশ রায়নার রান ৪৬৮৭। এতদিন পর্যন্ত এই রেকর্ড বাঁ হাতি তারকার দখলে ছিল। কিন্তু সেটা ভেঙে দিলেন তাঁরই এককালীন সতীর্থ এবং বন্ধু। 

এই তালিকায় পরের তিনে রয়েছেন ফাফ ডু'প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়‌ এবং রবীন্দ্র জাদেজা। এখনও চেন্নাইয়ের হয়ে খেলছেন পরের দু'জন। সহকারী অধিনায়ক হিসেবে দিল্লিতে যোগ দিয়েছেন ডু'প্লেসি। শুক্রবার ১৭ বছরের খরা কাটিয়ে চিপকে জেতে বেঙ্গালুরু। জস হ্যাজেলউড এবং যশ দয়ালের বোলিংয়ে ভর করে ৫০ রানে জেতে আরসিবি। প্রথম দুই ম্যাচ জিতে টেবিল শীর্ষে কোহলিরা। ২০০৮ সালের পর চিপকে আরসিবির প্রথম জয়। ম্যাচের সেরা হন রজত পতিদার। প্রথম ম্যাচে অর্ধশতরানের পর দ্বিতীয় ম্যাচেও রান পান তারকা ক্রিকেটার।