আজকাল ওয়েবডেস্ক: ইডেনের একপাশে তখন অনুশীলন সারছে নাইটরা। অন্যদিকে প্রস্তুতিতে মগ্ন বিরাট কোহলিরা। মাঝে দড়ির গণ্ডি। তারই মধ্যে সৌহার্দ্য বিনিময় করতে দেখা গেল ভেঙ্কটেশ আইয়ার এবং ফিল সল্টকে। গতবছর একই দলে ছিলেন। আইপিএল জিততে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আজ তাঁরা প্রতিপক্ষ। শনিবার আইপিএলের উদ্বোধনে নামবেন একে অপরের বিরুদ্ধে। কিন্তু তার আগের দিন ইডেনেই একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টায় মাতলেন দুই তারকা। খুনসুটি করতেও দেখা যায় ভেঙ্কটেশ এবং সল্টকে। বোঝাই যাচ্ছে উদ্বোধনী ম্যাচের আগে ফুরফুরে মেজাজে দুই শিবির। 

আগের আইপিএলে অনুশীলন চলাকালীন বিরাট কোহলির থেকে ব্যাট চেয়ে নিয়েছিলেন রিঙ্কু সিং। এদিনও রিঙ্কুর সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় কোহলিকে। সঙ্গে ছিলেন হর্ষিত রানা। একদিন পরই হাই-ভোল্টেজ ম্যাচ। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় প্র্যাকটিস সারে দুই দল। প্রথমে কেকেআর। তার খানিক পরে প্রবেশ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিকে দেখার জন্য ইডেনের বাইরে সর্মথকদের ভিড় উপচে পড়ে। তাঁকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন ভক্তরা। কোহলি প্রায় ১৫-২০ মিনিট নেটে কাটান। ব্যাট করেন। বাকি সময়টা মাঠেই ছিলেন। নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং। কয়েকটা বড় শট খেলেন। মাঠের মাঝের পিচে ব্যাট করেন আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল।

ছবি: অভিষেক চক্রবর্তী