আজকাল ওয়েবডেস্ক: দু'দিন আগেই জানা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স-লখনউ সুপার জায়ান্টস ম্যাচ ইডেন থেকে সরে যেতে পারে। বিকল্প ভেন্যু হিসেবে গুয়াহাটির নাম শোনা গিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে বিসিসিআই কিছু জানায়নি। হঠাৎ পুরো ঘটনায় ইউ টার্ন। শোনা যাচ্ছে নির্ধারিত দিন, অর্থাৎ ৬ এপ্রিল কলকাতাতেই হতে পারে কেকেআর-এলএসজি ম্যাচ। শুক্রবার সিএবির অন্দরমহলে তেমনই আভাস গেল। এদিন দুপুর থেকে পরিস্থিতি বলদাতে শুরু করে। ম্যাচ ইডেনে রাখার আপ্রাণ চেষ্টা শুরু করেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। প্রাইভেট সিকিউরিটি দিয়ে ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেন। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি যা তাতে রামনবমীর দিন ম্যাচ শেষপর্যন্ত ইডেনে হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। শুক্রবার রাতে স্নেহাশিস গাঙ্গুলির কথা শুনে যথেষ্ট আশাবাদী মনে হয়। 

গত তিনদিন ধরে বিষয়টি নিয়ে জলঘোলা চলছে। রামনবমীর দিন শহরে বেশ কিছু মিছিল বেরোবে। এই পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের সঙ্গে বৈঠকেও বসেন সিএবি কর্তারা। কিন্তু সুরাহা হয়নি। শেষপর্যন্ত গোটা পরিস্থিতি লিখিতভাবে বিসিসিআইকে জানানো হয়। দিন পরিবর্তনের আবেদন করা হয়েছিল। কিন্তু সেটা করতে চায় না বোর্ড। বরং, ম্যাচ গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা শুরু হয়। সেটা জানার পর থেকেই বিকল্প ব্যবস্থার কথা ভাবতে শুরু করেন সিএবি কর্তারা। পুলিশের পাশাপাশি প্রাইভেট সিকিউরিটি দিয়ে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। শেষপর্যন্ত গ্রিন সিগন্যাল মিলবে কিনা সেটাই দেখার। পরিস্থিতি যথেষ্ট ইতিবাচক।