আজকাল ওয়েবডেস্ক: অবশেষে এসে পড়েছে সেই মাহেন্দ্রক্ষণ। চলতি আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি দুই ট্রফিহীন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। দু’দলের কাছেই প্রথমবারের মতো আইপিএল শিরোপা ছোঁয়ার সুযোগ রয়েছে। তবে এর সঙ্গে রয়েছে এক বড় দুশ্চিন্তা, বৃষ্টির চোখরাঙানি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টানা বৃষ্টি হলে ফাইনালে বড় প্রভাব পড়তে পারে। 

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আইপিএল ফাইনালের জন্য রাখা হয়েছে একটি রিজার্ভ ডে (৪ মে, বুধবার)। অর্থাৎ, মঙ্গলবার ম্যাচ না হলে, পরের দিন অনুষ্ঠিত হবে ম্যাচ। অথবা, মঙ্গলবার যেখানে ম্যাচ শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে পরের দিনের খেলা। কিন্তু রিজার্ভ ডে-তেও ম্যাচ না হলে সেক্ষেত্রে কপাল পুড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। নিয়ম অনুযায়ী, রিজার্ভ ডে-এর খেলা ভেস্তে গেলে লিগ স্টেজে যেই দল ওপরের স্থানে ছিল, তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

এই নিয়ম অনুযায়ী, পাঞ্জাব কিংসের হাতে উঠবে প্রথম আইপিএল ট্রফি, আর আরসিবিকে  আবারও ফিরতে হবে খালি হাতে। পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই দলের কেউই এখনও আইপিএলের ট্রফি জিততে পারেনি।  আরসিবি তিনবার (২০০৯, ২০১১, ২০১৬) ফাইনাল খেললেও ট্রফির মুখ দেখেনি। অন্যদিকে, পাঞ্জাব কিংস ২০১৪ সালের পর প্রথমবার ফাইনালে উঠেছে। ২০১৪ সালের ফাইনালে ঋদ্ধিমান সাহার শতরানের পরেও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়েছিল পাঞ্জাব। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আরসিবি আট উইকেটে হারায় পাঞ্জাব কিংসকে। ফিল সল্ট খেলেন ৫৬ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্রেয়স আইয়ারের ৮৭ রানের অনবদ্য ইনিংসে ভর করে পাঞ্জাব কিংস হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে।