আজকাল ওয়েবডেস্ক: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকুয়ক দ্বীপের কাছে শনিবার সকালে ভয়াবহ নৌদুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পর্যটকবাহী একটি স্পিডবোট হঠাৎই সমুদ্রে উল্টে ডুবে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নৌকাটিতে একাধিক ভারতীয় পর্যটকও ছিলেন বলে জানা গিয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।


ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির উপর নিবিড় নজরদারি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কতজন ভারতীয় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন, তার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।


ভিয়েতনামে ভারতীয় দূতাবাস এক্সে জানিয়েছে, "ফুকুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে একটি নৌকা উল্টে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে।"


এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে সমুদ্রের মাঝখানে একটি উল্টে যাওয়া স্পিডবোট এবং তার চারপাশে উদ্ধারকারী নৌকা দেখা যাচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডিজিটাল। 


স্থানীয় এক সাংবাদিকের দাবি, শনিবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ হন মাই রুট নগোয়াই এলাকার কাছে ৩২ জন ভারতীয় পর্যটককে নিয়ে যাওয়া একটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়ে। দুপুর পর্যন্ত অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনের খোঁজ মেলেনি। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


দুর্ঘটনার খবর পেয়ে আশপাশে থাকা একাধিক পর্যটকবাহী নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। স্থানীয় এক বোটচালক ভিয়েতনামের সংবাদমাধ্যমকে জানান, তাঁদের নৌকা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু উদ্ধারকাজ অত্যন্ত কঠিন ছিল, কারণ বেশ কয়েকজন যাত্রী উল্টে যাওয়া নৌকার ভিতরে আটকে পড়েছিলেন।


তিনি জানান, "খুব কম সংখ্যক যাত্রীকে সচেতন অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অধিকাংশই নৌকার ভিতরে আটকে ছিলেন।"


স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় আন থই উপকূলবর্তী সমুদ্র বেশ উত্তাল ছিল। যদিও বৃষ্টি হচ্ছিল না, তবুও সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। সেই অবস্থাতেও পর্যটকবাহী নৌকা চলাচল করছিল।


এই মর্মান্তিক দুর্ঘটনার পর ভিয়েতনামে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে নিখোঁজ ভারতীয়দের দ্রুত সন্ধান এবং আহতদের চিকিৎসার বিষয়ে ভারতীয় দূতাবাস ও স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

&t=1s