আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ এক দুর্ঘটনায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকিস্তান বায়ুসেনার একটি জেএফ-১৭ থান্ডার যুদ্ধ বিমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমান নিয়ে ট্রেনিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে।

এই দুর্ঘটনা ফের চিনা প্রযুক্তি এবং সেখানকার তৈরি যুদ্ধবিমানের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। প্রতিবেদন অনুযায়ী, একটি যান্ত্রিক গোলযোগের কারণে বিমান দুর্ঘটনাটি ঘটে।

বিমানটি ভেঙে পড়ার কিছু আগে দুর্ঘটনা আঁচ করতে পেরে দু’জন পাইলটই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁরা জীবিত থাকলেও গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

যদিও আর কোনও বড় ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে সূত্র মারফত। প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ার কিছু আগেই দু’জন পাইলট বুঝতে পারেন দুর্ঘটনা ঘটতে চলেছে।

তখন তাঁরা প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসেন। তারপরেই বিমানটি ভেঙে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ভাইরাল হওয়া এক ভিডিওতে বিমানটির ভেঙে পড়ার দৃশ্য দেখা গিয়েছে।

দুর্ঘটনাস্থলের কাছেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় দু’জন পাইলটকে। তাঁদের উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীও হাত লাগান।

পাকিস্তানে সাম্প্রতিক কালে এটা সাত নম্বর বিমান দুর্ঘটনা। এই ঘটনাগুলি ইসলামাবাদের চীন নির্ভরশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে। জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানটি পাকিস্তান ও চীন মিলিতভাবে তৈরি করে থাকে।

বিমানটি পাকিস্তান ব্যাবহৃত বাকি বিমানগুলির তুলনায় হালকা, একটিমাত্র ইঞ্জিনে চলার পাশাপাশি বিমানটি বহুমুখীও। এই বিমানটি ডিজাইন করা হয়েছিল একই সঙ্গে অনেকগুলো কাজ করার উদ্দেশ্য নিয়ে।

মূলত, অন্য বিমানকে বাধা দেওয়া, আকাশ থেকে মাটিতে আক্রমণ চালানো, আকাশপথে নজরদারি করা সহ আরও নানা কাজ একসঙ্গে করতে পারে এই বিমানটি।