আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও ভয়ানক রূপ নিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-সহ ১৩ জন বিশ্বনেতাকে হত্যার হুঁশিয়ারি দিল ইরানের একটি কট্টরপন্থী সংবাদপত্র। 

তেহরানের সরকারি সংবাদপত্র ‘হামশাহরি’ তাদের অনলাইন সংস্করণে এই নেতাদের ছবি ও নাম-সহ একটি তালিকা প্রকাশ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই মার্কিন ও ইজরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন আলি খামেনেই। বাবার মৃত্যুর পর ইরানের নতুন শীর্ষ নেতা হয়েছেন তাঁর ছেলে মোজতবা খামেনেই। সম্প্রতি বাবার শেষকৃত্য সেরে এক বার্তায় মোজতবা সাফ জানান, খামেনেই হত্যার প্রতিশোধ নেওয়া হবেই। তাঁর কথায়, "প্রতিশোধ নেওয়া আমাদের জাতীয় কর্তব্য। তালিকায় থাকা অপরাধীদের শান্তিতে মরতে দেওয়া হবে না।"

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোজতবার এই বার্তার পরই ওই ১৩ নেতার তালিকা প্রকাশ করে ইরানের সংবাদপত্রটি। তবে তালিকায় ইরান সরকারের সরকারি সিলমোহর রয়েছে কি না, তা স্পষ্ট নয়। রবিবার পত্রিকার ছাপা সংস্করণে অবশ্য এই ছবিগুলি বাদ দেওয়া হয়।

তালিকায় ট্রাম্প ও নেতানিয়াহু ছাড়াও রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আমেরিকার বিদেশ ও প্রতিরক্ষা সচিব। অন্যদিকে, যে হামলায় খামেনেই মারা যান, সেখানে মোজতবা নিজেও গুরুতর জখম হয়েছিলেন বলে খবর। যুদ্ধ শুরুর পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।

এদিকে রণক্ষেত্র এখন আরও চওড়া হচ্ছে। রবিবার সকালে হরমুজ প্রণালীতে একটি মালবাহী জাহাজে ইরান হামলা চালালে মার্কিন ফৌজ পাল্টা বোমাবর্ষণ শুরু করে। এরপরই ইরানও কোমর বেঁধে বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির মতো প্রতিবেশী দেশগুলিতে পাল্টা হামলা চালায়। যুদ্ধ থামানোর আলোচনায় এখন সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই হরমুজ প্রণালীই।

পরিস্থিতি নিয়ে খোদ মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, "ইরান ভুল চাল চেলেছে, এবার খেসারত দেওয়ার পালা।" পাল্টা জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, "একতরফা চুক্তির দিন শেষ। কথা না শুনলে এবার চড়া দাম চোকাতে হবে।"