আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াধে মার্কিন দূতাবাসে দুটি ইরানি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। সোমবার গভীর রাতে এই হামলার জেরে মার্কিন দূতাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে গভীর রাতে এই ঘটনা ঘটায় সেখানে আধিকারিকরা কেউ ছিলেন না। ফলে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। মঙ্গলবার ভোরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি পোস্ট করে সৌদি প্রতিরক্ষা মন্ত্রক জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে দুটি ড্রোন দূতাবাস কম্পাউন্ডে আঘাত হানে।

হামলার পরপরই আগুন নেভাতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। একটি ভাইরাল ভিডিওতে দূতাবাসের বিশাল আগুন ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে টানা চতুর্থ দিনের মতো উত্তেজনা চলার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের নেতৃত্বে ইরানের ওপর বিমান হামলা শুরু হয়।

এর জবাবে মধ্যপ্রাচ্যে একাধিক দেশে অবস্থিত মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই যুক্তরাষ্ট্র-ইজরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার পর থেকেই ইরান মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলকে লক্ষ্য করে হামলা জোরদার করে।

হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। নিউজনেশন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এর প্রতিশোধ কী হতে চলেছে, খুব শিগগিরই জানতে পারবেন।’

তিনি দূতাবাসে হামলা এবং চলতি সংঘাতে মার্কিন সেনাদের মৃত্যুর প্রসঙ্গও উল্লেখ করেছেন। তবে রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

হামলার কিছুক্ষণ পর রিয়াধ, জেদ্দা ও ধাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘শেল্টার ইন প্লেস’ সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হামলাকারী ড্রোনগুলি কীভাবে রিয়াধের এয়ার ডিফেন্স ভেদ করে ঢুকল সেই প্রসঙ্গে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। এদিকে হামলার পরও রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে।

তবে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকায় প্রচুর বিমান বিলম্বিত বা বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।