আজকাল ওয়েবডেস্ক: হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আসর। হঠাৎ বিকট শব্দ। মুহূর্তে হুড়োহুড়ি পড়ে গেল। এক বিন্দু দেরি না করে তৎক্ষণাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গেলেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা।
শনিবার আমেরিকায় ধুন্ধুমার কাণ্ড। ওয়াশিংটন হিলটন হোটেলে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নৈশভোজ ছিল। আচমকা এক যুবক সিকিউরিটি জোন ভেঙে ঢুকে পড়ে অনুষ্ঠানে। নিমেষে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, পুলিশের তৎপরতায় ধরা পড়ে ওই হামলাকারী।
গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, হোটেলের সিকিউরিটি জোনের চোখে ধুলো দিয়েই ঢুকেছিল ওই যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত ওই হোটেলেই ঘর ভাড়া নিয়েছিল। ফলে ‘গেস্ট’ হিসেবে অনায়াসেই প্রথম ধাপ পেরোতে পারে সে। এরপর বিকেল থেকে হোটেলের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। তদন্তে জানা গিয়েছে, মূল সভাঘরের বাইরে মেটাল ডিটেক্টর ছিল না।
হেলেন মাবুস নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হোটেলেরই এক কোণে দাঁড়িয়ে ছিল অভিযুক্ত। হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাঁর দাবি, “ব্যাগ থেকে লম্বা মতো এক অস্ত্র বের করে ওটা ফিট করল সে, তার পরেই সিঁড়ি দিয়ে অনুষ্ঠানের ঘরের দিকে ছুটল।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কোল টমাস অ্যালেন। ৩১ বছরের ওই যুবকের কাছে একটি শটগান, হ্যান্ডগান এবং বেশ কিছু ছুরি ছিল। সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টের কাছে তাকে জাপটে ধরেন রক্ষীরা।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট উপস্থিত থাকলে যে কড়া নিরাপত্তাবিধি মানা হয় গোটা এলাকাজুড়ে, এ দিনও তার ব্যতিক্রম হয়নি৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হোটেলের বাইরের স্তরের তুলনায় ভেতরে প্রেসিডেন্টের বসার জায়গাটুকুই বেশি সুরক্ষিত ছিল।
উল্লেখ্য, এই ঘটনার সুযোগ নিয়ে নিজের পুরনো দাবি ফের উস্কে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, নিরাপত্তার খাতিরেই হোয়াইট হাউজের নিজস্ব একটি বিশাল বলরুম তৈরি করা প্রয়োজন। বর্তমানে এই প্রকল্পটি নিয়ে আইনি লড়াই চলছে।















