আজকাল ওয়েবডেস্ক: স্পেনের সেউটা অঞ্চলে নজিরবিহীন ঘটনার সাক্ষী। দেশের উত্তর আফ্রিকার সেউটা অঞ্চলে সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক অভিবাসী অনুপ্রবেশ প্রবেশ করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর। মরক্কো থেকে সমুদ্র পেরিয়ে স্পেনের ওই অঞ্চলে প্রবেশ করতে গিয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ন'জন অভিবাসী। সীমান্ত পেরিয়ে অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে মাদ্রিদে। এর জেরে বর্তমানে দেশে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রপথে সেউটা পৌঁছতে গিয়ে ৯ জন অভিবাসীর মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করেছে স্পেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গত কয়েক দিনে প্রায় ১,৫০০ অভিবাসী সমুদ্র পেরিয়ে ওই অঞ্চলে প্রবেশ করেছেন। মরক্কোর সীমান্তবর্তী ফ্লিদেক শহরেও সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষারত শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রক সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী বা সেনা মোতায়েন করার কথা ঘোষণা করেছে। এছাড়া সিভিল গার্ড দ্বিগুণ করা, ডুবুরি দল এবং কোস্টগার্ডের জলযানও নামানোর মতো পদক্ষেপও করা হয়েছে।
সমাজমাধ্যম এক্স-এ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর বার্তা, 'সঙ্কট মোকাবিলায় সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। মরক্কো ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে মিলিত ভাবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে।' পরিস্থিতি খতিয়ে দেখতে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা শুক্রবারই সেউটা সফরে গিয়েছেন বলে খবর।
অভিবাসী সঙ্কট তীব্র হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন। ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি স্পেনের অভিবাসন নীতির সমালোচনা করেন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে মাদ্রিদ অবিলম্বে ইতালীয় দূতকে তলব করেছে। স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের পাল্টা অভিযোগ, রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এই বিষয়টিকে ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে, স্পেনের বিরোধী দলগুলি বর্তমান পরিস্থিতিকে 'জাতীয় নিরাপত্তা সঙ্কট' বলে অভিহিত করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের উপরও চাপ বাড়িয়েছে।
উল্লেখ্য, স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটা এবং মেলিল্লা অঞ্চল আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত হওয়ায় এটি বরাবরই অভিবাসন ইস্যুতে সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত।
















