আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্কে বিশেষজ্ঞ প্যানেলে এ বার রঘুরাম রাজন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর বাদে আরও দু'জন ভারতীয় থাকবেন ওই টাস্কফোর্সে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কেন্দ্রীয় ব্যাঙ্ক 'ফেডারেল রিজার্ভ’-এর নবনিযুক্ত চেয়ারম্যান কেভিন ওয়ারশ দেশের আর্থিক নীতি নির্ধারণের জন্য পাঁচটি বিশেষ ক্ষেত্র পর্যালোচনার জন্য পাঁচটি পৃথক টাস্কফোর্স বা বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা ঘোষণা দিয়েছেন। এই ক্ষেত্রগুলি হল—যোগাযোগ, ব্যালেন্স শিট নীতি, ডেটা, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতির কাঠামো।

 

ফেডারেল রিজার্ভের তরফে জানানো হয়েছে, এই প্যানেলগুলিকে ব্যাঙ্কের কর্মীরা প্রয়োজনীয় সহায়তা দিলেও, তাঁরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পাবেন। তাঁদের সুপারিশ জানাবেন ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) কাছে। নতুন টাস্কফোর্সগুলি গঠন করা হয়েছে অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা এবং সাবেক কেন্দ্রীয় ব্যাঙ্কারদের নিয়ে।

 

ফেডারেল রিজার্ভের বর্তমান ব্যালেন্স শিটে খরচ, সুবিধা এবং প্রাতিষ্ঠানিক প্রভাব খতিয়ে দেখবে এই প্যানেলগুলি। সেই প্যানেলেই স্থান করে নিয়েছেন বিখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম রাজন, হার্ভার্ডের অর্থনীতিবিদ কারেন ডাইনান এবং ফেডারেল রিজার্ভের সাবেক গভর্নর জেরেমি স্টেইন।

 

আর্থিক নীতি নির্ধারণে ব্যবহৃত তথ্যের গুণগত মান ও উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে অন্য একটি কমিটি। এতে থাকবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্য এক ভারতীয় অর্থনীতিবিদ রাজ চেট্টি, ডগ ম্যাকমিলন এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ কেভিন মারফি। রাজ চেট্টি রিয়েল-টাইম ও প্রশাসনিক ডেটা ব্যবহার করে অর্থনৈতিক গতিশীলতা ও শ্রমবাজার নিয়ে কাজের জন্য বিশেষ ভাবে পরিচিত।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ নতুন প্রযুক্তির সাহায্যে আর্থিক প্রভাব মূল্যায়ন করবে এই টাস্কফোর্স। এই কমিটিতে থাকবেন মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এক্সবক্স-এর প্রধান আর এক ভারতীয় আশা শর্মা, সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ড্রেসেন এবং স্ট্যানফোর্ডের অর্থনীতিবিদ চার্লস আই জোনস।

 

অনিশ্চিত আর্থিক পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ কীভাবে তাদের আর্থিক নীতি সবার সামনে প্রকাশ করবে, তা পর্যালোচনা করবে অন্য একটি দল। যার মাথায় থাকবেন পিটার আর ফিশার, আর্মিনিও ফ্রাগা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মারভিন কিং।

 

মুদ্রাস্ফীতির পেছনের কারণগুলি ফেডারেল রিজার্ভ কীভাবে বোঝে ও তার প্রতিক্রিয়া জানায়, তা পুনর্বিবেচনা করবে আরও একটি প্যানেল। এই উদ্যোগ নিয়ে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশ বলেন, মার্কিন অর্থনীতি এখন একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, "মুদ্রাস্ফীতিকে স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফেডারেল রিজার্ভের প্রতিশ্রুতি অবিচল।" তিনি আরও জানান, এই উদ্যোগের একমাত্র লক্ষ্য, বর্তমান সময়ে ফেডারেল রিজার্ভকে দেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সবচেয়ে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া।