আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দাবি, ভারত তাদের দেসের বিরুদ্ধে আরও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সোমবার পাক সংসদে ভাষণের সময় জারদারি এমন দাবি করেছেন। একইসঙ্গে নয়াদিল্লিকে, যুদ্ধের মঞ্চ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন পাক প্রেসিডেন্ট।

বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রবল বিক্ষোভের মধ্যেই সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় জারদারি বলেন, "ভারতের নেতারা বলছেন যে, তাঁরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আঞ্চলিক শান্তির আজীবন সমর্থক হিসেবে আমি এটা কখনওই সুপারিশ করব না।"

জারদারির দাবি, ইসলামাবাদ আলোচনার জন্য সবসময়ই প্রস্তুত। তাঁর কথায়, "তাদের (ভারতের) প্রতি আমার বার্তা হল, যুদ্ধের মঞ্চ থেকে অনেক অর্থবহ হবে আলোচনার টেবিলে বসা, কারণ আঞ্চলিক নিরাপত্তার জন্য এটাই একমাত্র পথ।" 

পাক প্রেসিডেন্ট সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার জন্য ভারতের সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন। ভারতের পদক্ষেপকে তিনি "সরল জল-সন্ত্রাসবাদ" বলে অভিহিত করেছেন। বিশ্ব ও অভ্যন্তরীণ রাজনীতির কথা বিবেচনা করে মোদি সরকার সিন্ধু জলপ্রবাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন জারদারি।

পাকিস্তান জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে ফের জানিয়েছেন পাক প্রেসিডেন্ট। তিনি বলেছেন যে, কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি অধরা থাকবে।

আফগানিস্তানের জঙ্গি হুমকি সম্পর্কে সতর্কীকরণ:

আফগানিস্তানে সন্ত্রাসবাদী গোষ্ঠীর উপস্থিতি সম্পর্কে রাষ্ট্রসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জারদারি দেশের পশ্চিম প্রান্তে হিংসার কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, "দেশের পশ্চিমপ্রান্তে সীমান্তের ওপারে জঙ্গি কার্যকলাপ বাড়ছে। সতর্ক না হলেও বিপদে পড়তে হবে। সীমান্তবর্তী জঙ্গি কার্যকলাপের উপর সামরিক উত্তেজনা রোধে পাকিস্তান কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেছে।"

এরপরই তাঁর ঘোষণা ছিল, "আমি স্পষ্ট করে বলতে চাই: পাকিস্তানের মাটি পবিত্র। আমরা দেশীয় বা বিদেশী কোনও সত্তাকে আমাদের শান্তি বিঘ্নিত করতে প্রতিবেশী ভূখণ্ড ব্যবহার করতে দেব না।"

অফগান তালিবান শাসকদের বিরুদ্ধে পাক প্রেসিডেন্টের অভিযোগ, দোহা চুক্তির অধীনে আফগান মাটি থেকে জঙ্গি গোষ্ঠীগুলিকে পরিচালনা করা থেকে বিরত রাখার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সেদেশের প্রশাসন। কাবুলের কাছে তাঁর পরামর্শ, প্রতিবেশীকে বিরক্ত করতে যেন অফগানরা তাদের দেশের মাটি ব্যবহার না করতে দেন। তালিবানদের উচিত, জঙ্গি ঘাঁটিগুলো নির্মূল করে দেওয়া।

আঞ্চলিক ও দুনিয়াব্যাপী উদ্বেগ

জারদারি মধ্য-এশিয়ায় চলমান সংঘাতের নিন্দা করেছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির হত্যার প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সৌদি আরব-সহ উপসাগরীয় দেশগুলিকে লক্ষ্য করে হামলারও নিন্দা করেন।

জারদারি ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে আল-কুদস আল শরীফকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের প্রতি পাকিস্তানের সমর্থন জানিয়েছেন।